২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ছিনতাই মামলায় ৫ জেএমবি রিমান্ডে

চট্টগ্রামে ছিনতাইয়ের একটি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য জঙ্গি সংগঠন জেএমবির পাঁচ সদস্যকে রিমান্ডে পেয়েছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2016, 07:29 PM

Updated : 20 Aug 2022, 11:56 AM

বুধবার চট্টগ্রামের অতিরিক্ত মহানগর হাকিম নুরুল আলম মোহাম্মদ নিপু তাদের রিমান্ডে নেওয়ার আদেশ দেন।

আসামিরা হলেন- চট্টগ্রামে জেএমবির সেকেন্ড-ইন-কমান্ড বুলবুল আহমেদ সরকার ওরফে আপেল ওরফে ফুয়াদ, মাহবুবুর রহমান খোকন, শাহজাহান ওরফে কাজল, মিনহাজুল ইসলাম ও নুরুন্নবী।

চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (প্রসিকিউশন) কাজী মুত্তাকি ইবনু মিনান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সদরঘাট থানার ছিনতাইয়ের মামলায় পাঁচ জনকে তিন দিনের রিমান্ডের আবেদন করা হয়েছিল। শুনানি শেষে বিচারক তাদের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ২৩ সেপ্টেম্বর রাতে সদরঘাট থানার মাঝিরঘাট এলাকায় ছিনতাইয়ের সময় গ্রেনেড বিস্ফোরণে রফিক, রবিউল নামে দুই ছিনতাইকারী এবং সত্যগোপাল ভৌমিক নামে এক ব্যক্তি নিহত হন।

এ মামলার তদন্ত করতে গিয়ে পাঁচ জেএমবি সদস্যকে গ্রেনেড, বিস্ফোরক ও অস্ত্রসহ করে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।

গ্রেপ্তারদের মধ্যে জাবেদ নামে একজনকে নিয়ে বিস্ফোরক উদ্ধারে গেলে গ্রেনেড বিস্ফোরণে তিনি নিহত হন বলে দাবি গোয়েন্দা পুলিশের।

এছাড়া মো. সুজন ওরফে বাবু নামে এক জেএমবি সদস্য ৪ সেপ্টেম্বর বায়েজিদ থানার শেরশাহ বাংলা বাজার এলাকায় কথিত ফকির ন্যাংটা মামু ও তার খাদেম আব্দুল কাদেরকে হত্যায় দোষ স্বীকার করে ১৬৪ ধারায় আদালতে জবানবন্দি দেয়।

অন্যদিকে বুলবুল, মাহবুবুর ও শাহজাহানকে সদরঘাট থানার মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

এদিকে জেএমবি সদস্যদের গ্রেপ্তারের ঘটনায় কর্ণফুলী থানায় অস্ত্র, বিস্ফোরক ও সন্ত্রাস বিরোধী আইনে তিনটি মামলা করা হয়।