কর্ণফুলী নদীতে অবৈধ তিন ইয়ার্ড সিলগালা
কর্ণফুলী নদীর কালুরঘাট সেতু সংলগ্ন এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা দুটি ডকইয়ার্ড ও একটি শিপইয়ার্ড বন্ধ করে দিয়েছে চট্টগ্রাম বন্দরের ভ্রাম্যমাণ আদালত।
বুধবার সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে বন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুল হাশেম নেতৃত্ব দেন।
অভিযান চলাকালে বিভিন্ন অনিয়মের অভিযোগে পাঁচটি লাইটার জাহাজকে মোট দেড় লাখ টাকা জরিমানাও করা হয়।
ম্যাজিস্ট্রেট আবুল হাশেম বলেন, “কালুরঘাট সেতু সংলগ্ন এলাকায় কর্ণফুলী নদীর তীরে অবৈধভাবে গড়ে ওঠা মিল্লাত ডকইয়ার্ড, কালুরঘাট ডকইয়ার্ড এবং মনসুর শিপইয়ার্ড সিলগালা করে দেওয়া হয়েছে।
“অবৈধভাবে ইয়ার্ড পরিচালনা করায় তিন মালিককে এক লাখ টাকা করে মোট তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি অবৈধ ইয়ার্ডগুলোর কার্যক্রম বন্ধ করে পাঁচ দিনের মধ্যে খালি করতে নির্দেশ দেওয়া হয়েছে।”
এদিকে অতিরিক্ত পণ্য পরিবহন, মাস্টার-ড্রাইভারের সনদ না থাকা এবং নিরাপত্তা সরঞ্জাম না থাকায় কর্ণফুলী নদীতে অবস্থানকারী পাঁচটি লাইটার জাহাজকে জরিমানা করা হয়।
এর মধ্যে এমভি মা-বাবার দোয়া-১২ কে ৫০ হাজার টাকা, এমভি আটপাড়াকে ৩৫ হাজার টাকা, ড্রেজার মাশাল্লাহকে ৩০ হাজার টাকা এবং এমভি কাজী সোনিয়া-১ কে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া এমভি বর্ষণ-২ কে ১০ হাজার টাকা জরিমানা এবং একই জাহাজের কাছ থেকে ২৯ হাজার টাকা পোর্ট ডিউজ (বন্দরের বকেয়া ফি) আদায় করা হয়।
