২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

২০ বছর আগের ঘটনায় ২ পুলিশের বিরুদ্ধে অভিযোগপত্র

চট্টগ্রামে ২০ বছর আগে উদ্ধার করা অস্ত্র আদালতে আলামত হিসেবে জমা না দেওয়ায় গোয়েন্দা পুলিশের দুই সাবেক সদস্যের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে দুর্নীতি দমন কমিশন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2016, 04:32 PM

Updated : 20 Aug 2022, 11:56 AM

বুধবার চট্টগ্রামের মহানগর হাকিম ওই অভিযোগপত্র আমলে নিয়েছেন বলে মামলার তদন্ত কর্মকর্তা ও দুদকের উপ-সহকারী পরিচালক রইছ উদ্দিন আহমেদ জানান।

দুই আসামি হলেন- দেলোয়ার হোসেন ও এবিএম কামাল পাশা। মামলার সময় তারা নগর গোয়েন্দা পুলিশের এসআই হিসেবে কর্মরত ছিলেন।  

দুদক কর্মকর্তা রইছ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ১৯৯৬ সালের ২৫ নভেম্বর কামাল পাশা অস্ত্রসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেন।

উদ্ধার করা অস্ত্রটি তিনি সে সময়ে গোয়েন্দা পুলিশের মালখানায় দায়িত্বপ্রাপ্ত এসআই দেলোয়ার হোসেনের মাধ্যমে জমা দিলেও আদালতে তা আলামত হিসেবে দেখানো হয়নি।

পরে অস্ত্র উদ্ধার মামলার তদন্ত শেষে কামাল পাশা আদালতে অভিযোগপত্র জমা দেন এবং ঘটনার ছয় বছর পর ২০০২ সালের ২৪ জুলাই চট্টগ্রামের অতিরিক্ত মহানগর দায়রা জজ অস্ত্রসহ গ্রেপ্তার দুই আসামিকে ১০ বছর করে সাজা দেন।

দুদক কর্মকর্তা বলেন, ওই সময় দুই আসামিকে সাজা দিলেও আলামত আদালতে প্রদর্শন না করায় তৎকালীন দুর্নীতি দমন ব্যুরোর  মহাপরিচালককে তদন্তের নির্দেশ দেন বিচারক।

পরে ২০০৪ সালে ২৬ মে তৎকালীন দুর্নীতি দমন ব্যুরোর সহকারী পরিদর্শক মনজুর আলম চৌধুরী বাদী হয়ে এসআই দেলোয়ার ও কামাল পাশার বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করেন।

তারও এক যুগ পর দুদকের পক্ষ থেকে আদালতে অভিযোগপত্র দেওয়া হলো।

এ মামলায় পুলিশ ও দুদক কর্মকর্তাসহ মোট ১১ জনকে সাক্ষী করা হয়েছে।