চট্টগ্রামে ইয়াবা বহনের মামলায় আসামির ৫ বছর কারাদণ্ড
চট্টগ্রাম নগরীর নিউ মার্কেট এলাকা থেকে প্রায় দেড়শ ইয়াবাসহ গ্রেপ্তারের মামলায় ছয় বছর পর আসামিকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।
চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক নুরল ইসলাম মঙ্গলবার এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত আসামি বশির আহমদ (৬০) কক্সবাজারের চকরিয়া উপজেলার বাসিন্দা।
২০০৯ সালের এ মামলায় আসামি বশির জামিনে থাকলেও রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন না বলে জানিয়েছেন মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি অনুপম চক্রবর্তী।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২০০৯ সালে নগরীর নিউ মার্কেট এলাকা থেকে ১৪০ টি ইয়াবাসহ বশিরকে গ্রেপ্তার হয়।
এ ঘটনায় পুলিশ মামলা করেন। এ ঘটনায় ১০ জনের সাক্ষ্যগ্রহণ শেষে মঙ্গলবার আদালত এ রায় দেন।
আইনজীবী অনুপম বলেন, আসামি বশির আহমদ জামিনে ছিলেন। মঙ্গলবার সকালে তিনি জামিনের সময় বাড়ানোর আবেদন করতে আদালতে আসেন।
“আবেদন জমা দিয়ে তিনি চলে যান। বিকালে মামলার রায় ঘোষণার ধার্য সময়ে আদালত সময় বাড়ানোর আবেদন নাকচ করেন এবং রায় ঘোষণা করেন। তখন আসামি ও তার আইনজীবী কেউই উপস্থিত ছিলেন না।”
সকালে সময়ের আবেদন জমা দেয়ার সময় বিরোধিতা করেছিলেন কি না প্রশ্ন করা হলে অনুপম চক্রবর্তী বলেন, তখন সময়ের আবেদন বিষয়ে কোনো শুনানি হয়নি।
“এছাড়া মামলাটিতে আগেও কয়েকবার রায় ঘোষণার সময় ধার্য থাকলেও রায় ঘোষণা হয়নি। তাই সময়ের আবেদন জমা দেওয়ার সময় কিছু বলিনি।”
