পাথরঘাটায় অর্ধশতাধিক ভাড়াটিয়া উচ্ছেদ, বিক্ষোভ
চট্টগ্রাম নগরীর পাথরঘাটার জলিলগঞ্জে আবদুল জলিল চৌধুরী এস্টেটের ৭০টি একতলা সেমিপাকা ঘর থেকে ভাড়াটিয়াদের উচ্ছেদ করা হয়েছে।
জেলা প্রশাসনের কর্মকর্তা ও পুলিশ বলছে, কোতোয়ালি থানাধীন ওই এলাকা থেকে আদালতের নির্দেশে ‘দখলদারদের’ উচ্ছেদ করা হয়েছে।
তবে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, আগে থেকে কোনো নোটিশ না দিয়ে এ উচ্ছেদ অভিযান চালানো হয়। উচ্ছেদ চলাকালে জিনিসপত্র ও টাকা ‘লুটপাট’ করা হয় বলে অভিযোগ করেছেন তারা।
মঙ্গলবার সকালে উচ্ছেদ শুরুর পর বিক্ষোভ শুরু করে স্থানীয়রা। অভিযান চলাকালে বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়।
মঙ্গলবার আদালতে নির্দেশে চট্টগ্রাম নগরীর পাথরঘাটায় আবদুল জলিল চৌধুরী এস্টেটের ৭০টি একতলা সেমিপাকা ঘর থেকে ভাড়াটিয়াদের উচ্ছেদ করা হয়
আবদুল জলিল চৌধুরী এস্টেটে এক ভাড়াটিয়ার ভাড়ার রশিদ। ভাড়াটিয়াদের অভিযোগ, কোনো নোটিশ না দিয়েই তাদের ঘর থেকে উচ্ছেদ করা হয়
এ কারণে ভাড়াটিয়ারা আদালতের নিয়োগ করা রিসিভার (আইনজীবী) এর কাছে ঘর ভাড়া জমা দিতেন।
পরে জমির মালিকরা একত্রিত হয়ে দখল বুঝে নিতে আদালতের দারস্থ হয়। এরপর আদালত ওই জমিতে থাকা অবৈধ দখলদারদের উচ্ছেদের আদেশ দেয়।
মঙ্গলবার সকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও চট্টগ্রাম সদর সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলামের নেতৃত্বে উচ্ছেদ অভিযান শুরু হয়। প্রায় ৩০০ পুলিশ সদস্য এবং শ’খানেক শ্রমিক এতে অংশ নেয়।
উচ্ছেদ হওয়া ভাড়াটিয়া মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা সাধারণ নিরীহ লোকজন প্রায় পঞ্চাশ বছর ধরে এখানে থাকি।
“উচ্ছেদের আগে আমাদের কোনো নোটিশ দেওয়া হয়নি। ঘরের মহিলাদের টেনে হিঁচড়ে বের করে দেওয়া হয়।”
আরেক মুক্তিযোদ্ধা তোফায়েল আহমদ বলেন, “বুলডোজার দিয়ে ঘর ভাঙার আগে কোনো জিনিস বের করতে দেয়নি। বহিরাগত লোকজন আমার দুটো মোবাইল ও দুই হাজার টাকা নিয়ে গেছে।”
তোফায়েলের মেয়ে শেলী আক্তার কান্না জড়িত কণ্ঠে বলেন, “আজ আমার আকদের দিন ঠিক ছিল। বিয়ে ১১ মার্চ। উচ্ছেদকারীরা কোনো কথাই শোনেনি। আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়েছে।”
এলাকার বাসিন্দা মাহবুবুল আলম বলেন, “আমার ঘরে দুটো ক্যামেরা ছিল। একটি পাওয়া যাচ্ছে না।”
আরেক ভাড়াটিয়া মুক্তিযোদ্ধা আবদুল হাকিম বলেন, “উচ্ছেদের আগে কোনো নোটিশ দেয়নি। আবদুল জলিল সাহেবের নাতি জাবেদ আলমের নেতৃত্বে বাইরের লোকজন এসে জোরপূর্বক ঘর ভেঙে দিয়েছে।
উচ্ছেদ হওয়ার পর আসবাবপত্রের মাঝে এক পরিবারের শিশু
আবদুল জলিল চৌধুরী এস্টেট থেকে উচ্ছেদ হওয়ার পর আসবাবপত্রের মাঝে এক ভাড়াটিয়া
ভাড়াটিয়া প্রিয় চক্রবর্তী বলেন, “ফেব্রুয়ারি মাসের ভাড়াও আমরা দিয়েছি। ভাড়া দেওয়ার পরদিন আমাদের উচ্ছেদ করে দিল। এতগুলো মানুষ কোথায় যাবে?”
অভিযানে থাকা চট্টগ্রাম নগর পুলিশের সহকারী কমিশনার (কোতোয়ালি) মঈন উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আদালতের নির্দেশেই দখলদারদের উচ্ছেদে আমরা এখানে এসেছি।
“উচ্ছেদের সময় শ্রমিকরা কাজ করেছে। বহিরাগত কেউ আসেনি। তাদের ঘর ভাঙা হয়েছে। জিনিসপত্র বাইরে নিয়ে আসতে হয়েছে। তাই হয়ত এরকম অভিযোগ করছে।”
অভিযানে নেতৃত্ব দেওয়া সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম বলেন, জমির মালিকানা নিয়ে দুই পক্ষের মধ্যে আদালতে মামলা ছিল। এ কারণে ভাড়টিয়ারা আদালতের নিয়োগ করা রিসিভারের কাছে ভাড়া জমা দিত।
“পরে মালিকরা এক হয়ে জমির দখল বুঝে পেতে ২০১৩ সালে চট্টগ্রামের আদালতে যায়। সেখানে নিষ্পত্তি না হওয়ায় তারা উচ্চ আদালতে যায়। উচ্চ আদালত দখলদারদের উচ্ছেদের নির্দেশ দেয়।”
এরপর বৃহস্পতিবার মাইকিং ও লিফলেট বিতরণ করা হয় জানিয়ে সাইফুল ইসলাম বলেন, “৭০টি ঘর থেকে ভাড়াটিয়া উচ্ছেদ করে রিসিভার আইনজীবী মাহমুদুর রহমানকে বুঝিয়ে দিয়েছি।
“জিনিসপত্র নিয়ে যাওয়ার কোনো ঘটনা ঘটেনি। এখন পর্যন্ত আমাদের কাছে কেউ অভিযোগও করেনি।”
