২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

খুলশীতে ‘ছাদ থেকে পড়ে’ গৃহকর্মীর মৃত্যু

চট্টগ্রামের দক্ষিণ খুলশীতে এক শিশু গৃহকর্মীর অস্বাভাবিক মৃত্যুর খবর পাওয়া গেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2016, 01:12 PM

Updated : 20 Aug 2022, 11:56 AM

মঙ্গলবার সকালে দুই নম্বর সড়কের ২৭ নম্বর বাড়ির মালিক আলতাফ হোসেনের গাড়িচালক আহত শিশুটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই মো. জহির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গাড়িচালক আমাদের জানিয়েছে, শিশুটি সকালে বাসার ছাদ থেকে পড়ে যায়।”

গাড়িচালককে হাসপাতাল পুলিশ ফাঁড়িতে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলেও জানান তিনি।

খুলশী থানার ওসি নিজাম উদ্দিন জানান, নয় বছর বয়সী শিশুটির নাম সুলতানা। বাড়ি কুমিল্লায়।

তিনি বলেন, “পাঁচ তলা ওই ভবনে আলতাফ হোসেন ও তার অন্য ভাইয়েরা থাকেন।

“সকালে শিশুটি পাঁচ তলা থেকে পড়ে যায় বলে আলতাফের ভাই ওয়াহেদ জানিয়েছেন। তারা মেয়েটিকে কয়েক মাস আগে কুমিল্লা থেকে এনেছিলেন।”

শিশুটির বাড়িতে খবর দেওয়ার চেষ্টা চলছে জানিয়ে ওসি নিজাম বলেন, “এটি দুর্ঘটনা, নাকি হত্যাকাণ্ড তা তদন্ত করা হচ্ছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

শিশুটির একটি হাত ভাঙ্গা ও মুখে রক্ত ছিল বলে জানিয়েছেন খুলশী থানার এসআই মাহবুবুর রহমান।