২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লতিফের পক্ষে ‘এলাকাবাসীর’ ব্যানারে মানববন্ধনে ঘাট শ্রমিকরা

বঙ্গবন্ধুর ছবি ‘বিকৃতি’র অভিযোগের মুখে থাকা সংসদ সদস্য এম এ লতিফের পক্ষে নগরীর আগ্রাবাদে ‘স্থানীয় এলাকাবাসী’র ব্যানারে মানববন্ধন হয়েছে, যাতে অংশ নেওয়াদের অধিকাংশই সদরঘাট এলাকার ঘাট গুদাম শ্রমিক।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2016, 07:12 PM

Updated : 11 Oct 2022, 07:48 PM

শনিবার নগরীর আগ্রাবাদের শেখ মুজিব সড়কের বাদামতলী থেকে চৌমুহনী পর্যন্ত ‘২৮ নং ওয়ার্ড এলাকাবাসী’র ব্যানারে আয়োজিত এ মানববন্ধনে পাঁচ শতাধিক মানুষের উপস্থিতি দেখা যায়।

সংসদ সদস্য লতিফের বিরুদ্ধে ‘অপপ্রচারের’ প্রতিবাদে এ কর্মসূচির উদ্যোক্তা ২৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. আবদুল কাদের।

এলাকাবাসীর ব্যানারে মানববন্ধন হলেও সরেজমিনে দেখা যায়, এতে অংশ নেওয়াদের মধ্যে স্থানীয় এলাকাবাসীর সংখ্যা খুবই কম, অধিকাংশই ঘাট গুদামের শ্রমিক।

শ্রমিকদের কাছে কী কারণে মানববন্ধনে এসেছেন জানতে চাইলে কেউ ঠিক মতো উত্তর দিতে পারেননি।

জবল মিয়া নামের এক ঘাট গুদাম শ্রমিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঘাট গুদাম শ্রমিকদের কিছু দাবি-দাওয়া আছে দীর্ঘদিনের। সেগুলো নিয়ে কথা বলার জন্য আমরা এসেছি। মানববন্ধনের ব্যাপারে তিনি কিছু জানতেন না।

সদরঘাটের মাঝিরঘাট এলাকার ১৬টি ঘাটের প্রায় পাঁচ শতাধিক শ্রমিক মানববন্ধনে অংশ নেয় বলে জানান তিনি।

চানবালি ঘাট থেকে আসা এক শ্রমিক নাম প্রকাশ না করার শর্তে বলেন, “ইদ্রিছ কেরানী মাঝির নেতৃত্বে এসেছি আমরা। কাজ বাদ দিয়ে আমরা এখানে এসেছি।”

মানববন্ধনে অংশ নেওয়া শ্রমিকদের অধিকাংশই বন্দর সংলগ্ন এলাকার ফ্রি-পোর্ট এলাকায় থাকেন বলে জানান তিনি।

এলাকাবাসীর নামে মানববন্ধনে ঘাট গুদাম শ্রমিক কেন জানতে চাইলে ২৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. আবদুল কাদের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সদরঘাট থানার মাঝিরঘাট এলাকা এমপি লতিফের নির্বাচনী এলাকা। তিনি শ্রমিকদের বিপদে সবসময় পাশে থাকেন। তাই কৃতজ্ঞতা স্বরূপ তারা এখানে এসেছে।”

প্রধানমন্ত্রীর সফরের সময় বন্দর আসনের সাংসদ লতিফের নামে স্থাপিত বিলবোর্ডে বঙ্গবন্ধুর ছবি বিকৃতি ধরা পড়ার পর গত ১৫ ফেব্রুয়ারি নিজ দলের এই সাংসদকে চলাফেরায় সতর্ক করে চট্টগ্রামে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেছিলেন নগরীর তিনবারের মেয়র মহিউদ্দিন।

এ ঘটনার তিনদিন পর গত ১৮ ফেব্রুয়ারি সাংসদ লতিফ ‘জীবননাশের হুমকির শঙ্কা’ প্রকাশ করে মহিউদ্দিন চৌধুরীর বিরুদ্ধে অনলাইনে চট্টগ্রামের ১৬টি থানায় সাধারণ ডায়েরির (জিডি) আবেদন করেন। এর মধ্যে শুধুমাত্র নগরীর বন্দর থানায় জিডিটি গ্রহণ করা হয়।

চট্টগ্রাম চেম্বারের সাবেক সভাপতি লতিফ ২০০৮ সালে আকস্মিকভাবে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে চট্টগ্রাম-১০ আসনে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর নানা সময়েই বিতর্কের জন্ম দিয়েছেন।

দশম জাতীয় সংসদে চট্টগ্রাম-১১ থেকে নির্বাচিত এই সংসদ সদস্য লতিফ বন্দর ইস্যুতে মহিউদ্দিনবিরোধী। ওয়াটার ট্রান্সপোর্ট সেল, চট্টগ্রাম চেম্বার ও চট্টগ্রাম বন্দরের বিভিন্ন বিষয়ে একাধিকবার মহিউদ্দিনের সঙ্গে বিরোধে জড়িয়েছেন তিনি।

জামায়াত-ঘনিষ্ঠতার অভিযোগ নিয়েই নৌকা প্রতীকের এমপি বনে যাওয়া লতিফের বিরুদ্ধে বঙ্গবন্ধুর ছবি বিকৃতির অভিযোগ ওঠার পর দুইপক্ষ আবারও বিরোধে জড়ায়। লতিফের পক্ষে-বিপক্ষে অবস্থান নিয়ে চট্টগ্রাম আওয়ামী লীগে নতুন করে বিভক্তিও দেখা যায়।

এমপি লতিফের বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে দাবি করে তার প্রতিবাদে এ মানববন্ধন আয়োজন করা কাউন্সিলর কাদের ‘এ ধরনের বিভেদের’ নিষ্পত্তি চান।

তিনি বলেন, “এ ধরনের বিভেদ আওয়ামী লীগের রাজনীতিকে দুর্বল করে দিচ্ছে। দলের স্বার্থে এটার মিমাংসা হওয়া উচিত।”

বিকাল ৪টা থেকে শুরু হওয়া এ মানববন্ধন বিকাল ৫টা পর্যন্ত চলে। এ সময় নগরীর ব্যস্ততম শেখ মুজিব সড়কের দুই পাশে যান চলাচল কিছুটা ধীর হয়ে আসে।