চট্টগ্রামে পুলিশ ক্যান্টিনে হামলা, এএসআই আহত
চট্টগ্রাম নগরীর ষোলশহরে জেলা পুলিশ সুপারের কার্যালয় সংলগ্ন ক্যান্টিনে হামলা চালিয়ে ভাংচুর করেছেন একদল লোক।
বৃহস্পতিবার রাতে ষোলশহর দুই নম্বর গেইটে পুলিশ ক্যান্টিনে ওই হামলায় এক সহকারী উপ-পরিদর্শক আহত হয়েছেন।
হামলায় জড়িত অভিযোগে তিন যুবককে গ্রেপ্তার করা হয়েছে বলে পাঁচলাইশ থানার এসআই রাজু আহমেদ জানিয়েছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চা’র বিল পরিশোধ নিয়ে কথা কাটাকাটির জেরে রাত সাড়ে ১০টার দিকে ১৫ থেকে ২০ জন যুবক ক্যান্টিনে হামলা করে ভাংচুর চালায়। এ সময় পুলিশ সুপারের কার্যালয়ে কর্মরত এক এএসআই আহত হন।
হামলাকারীরা রাউজানের নওয়াজিশপুর এলাকার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থী বিপুলের সমর্থক বলে জানান তিনি।
তারা ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে স্থানীয়দের কয়েকজন জানিয়েছেন।
ঘটনাস্থল থেকে মনির, নজরুল ও রাব্বী নামে তিনজনকে গ্রেপ্তার করা হয় বলে এসআই রাজু জানান।
জেলা পুলিশ সুপারের কার্যালয় লাগোয়া এই পুলিশ ক্যান্টিনটি ব্যক্তিগত মালিকানায় পরিচালিত হয়ে থাকে।
