২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ট্যাংকলরি ধর্মঘটের ডাক

টার্মিনাল সংস্কারের দাবিতে বৃহত্তর চট্টগ্রামে ২২ ফেব্রুয়ারি থেকে লাগাতার ধর্মঘটের ডাক দিয়েছে চট্টগ্রাম ট্যাংকলরি মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2016, 09:15 PM

Updated : 20 Aug 2022, 11:52 AM

মঙ্গলবার বিকালে পরিষদের উদ্যোগে নগরীর দেওয়ানহাটে ট্যাংকলরি মালিক সমিতির কার্যালয়ে এক জরুরি সভায় এ সিদ্ধান্ত হয়।

চট্টগ্রাম জেলা ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি রবিউল মাওলা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ট্যাংকলরির জন্য বরাদ্দ করা টার্মিনাল সংস্কারে দীর্ঘ পাঁচ মাস ধরে দাবি জানালেও বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) কোনো উদ্যোগ নেয়নি।

“সর্বশেষ ২১ জানুয়ারি বিপিসি চেয়ারম্যান বরাবরে চিঠি দিয়ে টার্মিনাল সংস্কারে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত সময় বেঁধে দেই। কিন্তু তারা আমাদের সাথে কোনো রকম আলোচনাও করেনি। এ অবস্থায় বাধ্য হয়ে লাগাতার ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।”

টার্মিনাল সংস্কার কাজ শুরু না হওয়া পর্যন্ত এ ধর্মঘট চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন এই শ্রমিক নেতা।

পরিষদের নেতারা জানান, দীর্ঘদিনের দাবির মুখে নৌ মন্ত্রীর নির্দেশে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ পাঁচ মাস আগে পতেঙ্গায় ট্যাংকলরি টার্মিনালের জন্য দুই একর জমি বরাদ্দ দেয়।

ওই টার্মিনালের সীমানা প্রাচীরও নির্মাণ করে দেয় বন্দর কর্তৃপক্ষ।

কিন্তু টার্মিনালটিতে মালিক সমিতির কার্যালয়, ক্যান্টিন, শ্রমিক শেডসহ কোনো ধরনের স্থাপনা নেই।

টার্মিনাল সংস্কার ও এসব স্থাপনা নির্মাণের দাবিতে কয়েক দফায় বিপিসিকে চিঠি দেওয়া হয় বলে রবিউল জানান।

বিপিসির অধীনে সরকারি মালিকানাধীন তেল শোধনাগার এবং বেসরকারি মালিকানাধীন তেল শোধনাগারের তেলও চট্টগ্রামসহ বাংলাদেশের বিভিন্ন জেলায় এসব ট্যাংকলরিতে করে পরিবহন করা হয়।

মঙ্গলবারের সভায় উপস্থিত ছিলেন জেলা ট্যাংকলরি মালিক সমিতির সভাপতি মোহাম্মদ ইসহাক বাদশা, মহাসচিব মো. আবু তৈয়ব, কার্যকরী সভাপতি কামাল উদ্দিন, সহ-সভাপতি আবুল মনসুর চৌধুরী, যুগ্ম মহাসচিব এম এ মোমিন, জেলা ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন প্রমুখ।