পটিয়ায় বাস উল্টে আহত ২০
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে পটিয়া উপজেলার জঙ্গলখাইন এলাকায় বাস উল্টে ২০ জন আহত হয়েছে।
মঙ্গলবার বেলা ১২টার দিকে এ ঘটনায় আহতদের স্থানীয় লোকজন এবং দমকল বাহিনীর কর্মীরা গিয়ে উদ্ধার করে।
দমকল বাহিনীর পটিয়া স্টেশনের স্টেশন অফিসার দোলন আচার্য্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ সালাম পরিবহনের বাসটি আমিরাবাদ থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিল।
“জঙ্গলখাইন এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। প্রথমে স্থানীয়রা আহত কয়েকজন যাত্রীকে উদ্ধার করে। পরে আমরা গিয়ে আরও দু’জনকে বাসের নিচ থেকে উদ্ধার করি।”
পটিয়া থানার অপারেটর ফখরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুর্ঘটনায় মোট ২০ জন আহত হয়েছেন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে কারও অবস্থাই তেমন গুরুতর নয়।
