২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পূবালীর ৫০ লাখ টাকা ‘হারানোর’ ঘটনায় ৫ জন ফের রিমান্ডে

চট্টগ্রামের সীতাকুণ্ডে পূবালী ব্যাংকের ৫০ লাখ টাকা ‘হারানোর’ ঘটনায় গ্রেপ্তার পাঁচজনকে ফের রিমান্ডে নেওয়ার অনুমতি পেয়েছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2016, 09:49 PM

Updated : 20 Aug 2022, 11:51 AM

তারা হলেন- পূবালী ব্যাংক সিডিএ করপোরেট শাখার জুনিয়র অফিসার (ক্যাশ) রাজিবুর রহমান, নিরাপত্তাকর্মী আশিকুর রহমান, তানজুর রহমান, মাজহারুল ইসলাম ও গাড়িচালক বিজয় কুমার দাশ।

সোমবার চট্টগ্রামের অতিরিক্ত বিচারিক হাকিম আ ফ ম শহীদুল্লাহ কায়সার তাদেরকে একদিন করে রিমান্ড মঞ্জুর করেন।

শুক্রবার তাদের মধ্যে চারজনকে দুই দিন এবং একজনকে এক দিন করে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছিল আদালত।

চট্টগ্রাম জেলা আদালতের পরিদর্শক এইচ এম মশিউর রহমান জানান, সীতাকুণ্ড থানা পুলিশ প্রত্যেকের পাঁচ দিন করে রিমান্ড আবেদন করলে আদালত এক দিন করে মঞ্জুর করেন।

সীতাকুণ্ড থানার ওসি ইফতেখার হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার পূবালী ব্যাংকের নগরীর শেখ মুজিব রোড শাখা থেকে ৫০ লাখ ৫০ হাজার টাকা সংগ্রহ করে ব্যাংক কর্মকর্তা রাজিবুর নিরাপত্তকর্মীদের নিয়ে মাইক্রোবাসে সীতাকুণ্ড শাখায় যান।

ওই শাখা থেকে তারা আরও ৮১ লাখ টাকা নিয়ে নগরীর সিডিএ করপোরেট শাখার পথে রওনা হন। কিছুদূর যাওয়ার পর গাড়ির পেছনের ডালা খোলা দেখতে পান চালক। সেসময় গাড়ির পেছনে রাখা ৫০ লাখ ৫০ হাজার টাকা ভর্তি বস্তাটি খুঁজে পাননি তারা।

এ ঘটনায় বৃহস্পতিবার রাতেই ব্যাংকের এজিএম তৌফিকুর রহমান বাদি হয়ে একটি মামলা করেন। ওই মামলায় তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ।

পুরনো খবর:

সীতাকুণ্ডে পূবালীর ৫০ লাখ টাকা ‘হারানোর’ ঘটনায় ৫ জন রিমান্ডে