২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

১২ ঘণ্টা পর চট্টগ্রাম থেকে চলছে দূরপাল্লার বাস 

চালককে মারধরের জেরে ১২ ঘণ্টা বন্ধ থাকার পর চট্টগ্রামের কদমতলী বাস টার্মিনাল থেকে দূরপাল্লার বাস চলাচল শুরু হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2016, 02:52 PM

Updated : 11 Oct 2022, 07:45 PM

পুলিশ ও প্রশাসনের মধ্যস্থতায় বুধবার সকাল ১১টা থেকে বাস চলাচল শুরু হয় বলে আন্ত:জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি হাজী রুহুল আমীন জানিয়েছেন।

মঙ্গলবার রাত ১১টার দিকে যান চলাচল বন্ধ করে দেয় ওই টার্মিনালের শ্রমিকরা।  

পরিবহননেতা রুহুল আমীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে কদমতলী টার্মিনালে ইউনুস কোম্পানির মালিকের ছেলে সাইমুল বলাকা পরিবহনের চালক শফির কাছ থেকে জোর করে টাকা ছিনিয়ে নেয়।

“এর প্রতিবাদ করলে সাইমুল চালককে মারধর করে। আবু তাহের নামে এক শ্রমিকনেতা এর প্রতিবাদ জানালে ওই যুবক তাকেও কিরিচ দিয়ে আঘাতের চেষ্টা করে।”

সদরঘাট থানার এসআই শাহ আলম বলেন, মারধরের শিকার বাসচালক একটি মামলা করছেন।