বাংলাদেশ ও শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছেই: আইনমন্ত্রী
বাংলাদেশ যাতে স্বাধীন দেশ থাকতে না পারে সেজন্য সবসময় বাংলাদেশ ও শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।
বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রাম সার্কিট হাউজে চট্টগ্রামের সরকারি আইন কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় অনুষ্ঠানের বক্তব্যে তিনি বলেন, “সবসময় আমাদের একটা চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। বাংলাদেশের বিরুদ্ধে এবং শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র সবসময় চলছে।
“আমাদের যারা প্রতিপক্ষ- আমি শত্রু বলা থেকে বিরত থাকলাম। তারা সবসময় আমাদের মূলে আঘাত করে। একাত্তরে-পঁচাত্তরে, যখনই সুযোগ পেয়েছে তখনই আঘাত করেছে। ভবিষ্যতেও তারা আঘাতের চেষ্টা করবে যাতে বাংলাদেশ একটা স্বাধীন দেশ না থাকতে পারে।”
উপস্থিত আইন কর্মকর্তাদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, “বাংলাদেশ যদি স্বাধীন দেশ না থাকে তাহলে আপনারাও সরকারের আইন কর্মকর্তা থাকতে পারবেন না। সুতরাং সবাইকে সেই ষড়যন্ত্র নসাৎ করতে হবে।”
আনিসুল হক বলেন, “আমরা যারা বঙ্গবন্ধুর আদর্শে ও গণতন্ত্রে বিশ্বাস করি, তারা শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছি।
১০ ফেব্রুয়ারি হতে যাওয়া চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ১৯টি পদের সবকটিতেই আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীদের জয়ী করার আহ্বানও জানান মন্ত্রী।
মত বিনিময় সভায় ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, চট্টগ্রাম মহানগর পিপি ফখরুদ্দিন চৌধুরী, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি মুজিবুল হকসহ অন্যরা উপস্থিত ছিলেন।
মত বিনিময় সভার আগে সার্কিট হাউজে জেলা লিগ্যাল এইড কমিটি আয়োজিত ‘সরকারি আইন সহায়তা কার্যক্রমের মানোন্নয়নে ডিজিটাল অগ্রযাত্রা’ শীর্ষক সেমিনারে বক্তব্য দেন আইনমন্ত্রী।
বর্তমানে দেশে বিচারাধীন মামলার সংখ্যা ৩০ লাখ সাত হাজার ৮৬০টি বলে সেমিনারে জানান আনিসুল হক।
মামলাজট থেকে বিচার ব্যবস্থাকে মুক্ত করতে বিকল্প বিরোধ নিষ্পত্তির ওপর গুরুত্ব দেন আইনমন্ত্রী।
“প্রতি বছর মামলা দায়েরের সংখ্যা নিষ্পত্তির চেয়ে অন্তত কয়েক লাখ বেশি থাকে। দেশের প্রায় প্রতিটি আদালত মামলার ভারে ন্যূজ। মামলাজট থেকে বিচার ব্যবস্থাকে মুক্ত করতে বিকল্প বিরোধ নিষ্পত্তির কোনো বিকল্প নেই।”
