২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চবির ৩ ছাত্রকে মারধরের অভিযোগ ছাত্রলীগের বিরুদ্ধে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীকে ছাত্রলীগের একদল কর্মী মারধর করেছে বলে অভিযোগ উঠেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2016, 07:49 PM

Updated : 12 Apr 2022, 01:21 AM

আহতরা হলেন-বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ২০০৯-১০ শিক্ষাবর্ষের ছাত্র আবু বকর ছিদ্দিক, তোজাম্মেল হক বুলবুল এবং কম্পিউটার সায়েন্সেস বিভাগের মো. নাজমুল হাসান তুষার।

বিশ্ববিদ্যালয়ের একজন সহকারী প্রক্টর নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঘটনার সঙ্গে ইংরেজি বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের ছাত্র মাহমুদুল হাসানসহ ১২ থেকে ১৫ জন জড়িত, যারা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফজলে রাব্বী সুজনের অনুসারী।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আলী আজগর চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তিন জন শিক্ষার্থী কলা ভবনের ঝুপড়িতে খেতে গেলে কয়েকজন শিক্ষার্থী তাদেরকে ডেকে নিয়ে মারধর করে বলে অভিযোগ পেয়েছি।

“পরে তারা চিকিৎসা নিতে বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে গেলে সেখানেও হামলার চেষ্টা করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। আমরা তদন্ত করে ব্যবস্থা নেব।”

বিশ্ববিদ্যালয়ের সিনিয়র মেডিকেল অফিসার ডা. কাজী মো. সাইফুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিন জন শিক্ষার্থী এসেছিল আমাদের কাছে, যাদের মধ্যে দুজনের মাথায় জখম ও শরীরে মারধরের চিহ্ন ছিল।

“আহত তিন জন চিকিৎসাধীন থাকা অবস্থায় ট্যাক্সিতে করে ২৫ থেকে  ৩০ জন ছেলে এসে তাদের উপর হামলার চেষ্টা করলে পুলিশ এসে তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।”