২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্ত্রীর চিকিৎসায় গিয়ে পরিকল্পনা, দুই মাস পর চুরি

অসুস্থ স্ত্রীকে ক্লিনিকে ভর্তি করাতে গিয়েই চুরির পরিকল্পনা মাথায় এসেছিল আবদুর রহিমের। দুই মাস অপেক্ষার পর আরেক সহযোগীকে নিয়ে পরিকল্পনা বাস্তবায়ন করেছিলেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2016, 02:13 PM

Updated : 12 Apr 2022, 01:21 AM

কিন্তু চুরির পাঁচদিনের মাথায় চোরাই ওষুধ বিক্রি করতে গিয়ে সহযোগী অটোচালক সবুজসহ ধরা পড়েছেন এক সময়ের মিষ্টির কারিগর রহিম।       

মঙ্গলবার রাত ১০টার দিকে নগরীর অক্সিজেন বাজার এলাকায় একটি ওষুধের দোকান থেকে আটক করা হয় দুইজনকে।

তাদের কাছে একটি কার্টনে প্রায় ৩০ হাজার টাকার ওষুধ পাওয়া গেছে বলে বায়েজিদ থানার ওসি মো. মহসিন জানিয়েছেন।

রহিম (২৭) বায়েজিদ বোস্তামী থানা এলাকার অক্সিজেন পাঠানপাড়ায় ও সবুজ বাংলা বাজারে থাকেন।

পরে দুইজনের দেওয়া তথ্যের ভিত্তিতে তাদের বাসা থেকে ক্লিনিকের ল্যাপটপ, কম্পিউটারসহ বেশকিছু মূল্যবান সামগ্রী উদ্ধার করা হয় বলে জানান ওসি মহসিন।

পুলিশের দাবি, এর আগেও কয়েকটি চুরির ঘটনা ঘটিয়েছে দুইজন।

ওসি মহসিন জানান, গত ২৯ জানুয়ারি বায়েজিদ আবাসিক এলাকার ‘ইমেজ সূর্যের হাসি ক্লিনিকের’ অফিসকক্ষের তালা ভেঙ্গে চুরির ঘটনা ঘটে।

ল্যাপটপ, কম্পিউটার এবং ওষুধসহ প্রায় তিন লাখ টাকার মালামাল চুরির ঘটনায় ক্লিনিকের ব্যবস্থাপক মো. মোহসিনউল ইসলাম একটি মামলা করেন।

“যেহেতু ওষুধ চুরি হয়েছে, তাই চোরেরা ওষুধ বিক্রি করতে ওষুধের দোকানেই যাবে- এটা মাথায় রেখেই আমরা এলাকায় ওষুধের দোকানগুলোতে নজর রাখতে শুরু করি।

“মঙ্গলবার রাত ১০টার দিকে অক্সিজেন বাজারের এস কে মেডিসিন নামের একটি দোকানে কার্টনে করে ওষুধ নিয়ে আসলে রহিম ও সবুজকে আটক করা হয়।”

ওসি মহসিন বলেন, “গ্রেপ্তাররা জানিয়েছে, মাস দুয়েক আগে রহিম তার অসুস্থ স্ত্রীকে ওই ক্লিনিকে ভর্তি করায়।

“সেসময়ই অফিসকক্ষে থাকা ল্যাপটপ ও অন্যান্য সরঞ্জাম দেখে সে চুরির পরিকল্পনা করে। পরে সবুজকে সঙ্গে নিয়ে মালামাল চুরি করে।”

নগরীর বহদ্দারহাট ও বায়েজিদ থানা এলাকায় বেশ কয়েকটি চুরির ঘটনায় এই দুইজন জড়িত বলে দাবি ওসি মহসিনের।