২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লাইসেন্স ছাড়া পানি বাজারজাত করা প্রতিষ্ঠান সিলগালা

চট্টগ্রামে লাইসেন্স ছাড়া পানি উৎপাদন ও বাজারজাত করায় মেনিবা ওয়াটার নামে একটি প্রতিষ্ঠানকে সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2016, 06:13 PM

Updated : 20 Aug 2022, 11:45 AM

মঙ্গলবার নগরীর পশ্চিম মাদারবাড়ী এলাকায় পরিচালিত এ অভিযানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন নেতৃত্ব দেন।

অভিযানকালে একই এলাকার দিদার বেকারি ও স্থানীয় একটি হোটেল থেকে ৩০ কেজি পঁচা ডালডা, মসলা, ক্ষতিকর রং এবং পোড়া তেল জব্দ করা হয়।

ম্যাজিস্ট্রেট রুহুল আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “লাইসেন্স ছাড়াই ছয় বছর ধরে পানি উৎপাদন ও বিক্রি করায় ‘মেনিবা ওয়াটার’ বন্ধ করে দেওয়া হয়েছে।

“প্রতিষ্ঠানটির মালিক প্রয়োজনীয় কাগজপত্র আছে বলে দাবি করলেও আমাদেরকে দেখাতে পারেনি।”

রুহুল আমিন বলেন, “অভিযানে দুটি খাবারের প্রতিষ্ঠান থেকে ৩০ কেজি পঁচা ও পোকায় ধরা ডালডা, পোড়া তেলসহ বিভিন্ন অস্বাস্থ্যকর খাদ্য উপকরণ জব্দ করে নষ্ট করা হয়।”

অভিযানের খবর পেয়ে হোটেল দুটির মালিক পালিয়ে যাওয়ায় কাউকে জরিমানা করা যায়নি বলে জানান এই নির্বাহী ম্যাজিস্ট্র্যাট।