২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বন্দর চ্যানেলে লবণের জাহাজ নিয়ে জটিলতা

প্রায় চার মাস ধরে লবণ নিয়ে চট্টগ্রাম বন্দরের চ্যানেলে অবস্থানকারী দুটি জাহাজ থেকে পণ্য নামাতে না পেরে লাইটার জাহাজ বরাদ্দ বন্ধ করে দিয়েছে পরিচালনাকারী সংস্থা ওয়াটার ট্রান্সপোর্ট সেল।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2016, 11:51 PM

Updated : 12 Apr 2022, 01:20 AM

সোমবার বিকাল থেকে ওয়াটার ট্রান্সপোর্ট সেল (ডব্লিউটিসি) থেকে আর কোনো লাইটার জাহাজ বরাদ্দ দেওয়া হয়নি।

ডব্লিউটিসির কর্মকর্তারা বলছেন, জাহাজ মালিকরা রাজি না হওয়ায় তাদের পক্ষে জাহাজ বরাদ্দ দেওয়া সম্ভব হচ্ছে না।

এই জটিলতা নিরসনে আলোচনা করে সমঝোতার চেষ্টা চলছে।

ডব্লিউটিসির অধীনে প্রায় আটশ লাইটার (ছোট আকারের) জাহাজ আছে। বহির্নোঙরে থাকা বড় জাহাজ থেকে পণ্য নামিয়ে এসব জাহাজে করে বন্দরে এবং দেশের অন্যান্য জেলায় পরিবহন করা হয়।

ডব্লিউটিসির যুগ্ম আহ্বায়ক শফিক আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নারায়ণগঞ্জের পূবালী সল্ট ইন্ডাস্ট্রির জন্য ভারত থেকে গত ২৬ সেপ্টেম্বর ২ হাজার ২২২ টন লবণ আমদানি করে। প্রায় চার মাস ধরে লাইটার জাহাজ দুটি লবণ নিয়ে বন্দর চ্যানেলে ভাসছে। যে কোনো সময় চ্যানেলে দুর্ঘটনা ঘটতে পারে।

ডব্লিউটিসি’র নির্বাহী পরিচালক মাহবুব রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়াই এই লবণ আমদানি করা হয়।

“প্রায় চার মাস ধরে জাহাজ দুটি লবণাক্ত পানিতে আছে। ভেতরেও লবণ। জাহাজের খোলে জং ধরে গেছে। চ্যানেলের কোনো ক্ষতি হলে তা হবে অপূরণীয়।”

মাহবুব রশিদ বলেন, “বাণিজ্য, নৌ এবং শিল্প মন্ত্রণালয়ে এ বিষয়ে লিখেছি। কোনো সুরাহা হয়নি। কাস্টমস কর্তৃপক্ষ কোনোভাবেই লবণ খালাসের অনুমতি দিতে রাজি নয়। পচনশীল হওয়ায় বন্দরও জিম্মায় রাখতে চায় না।

“আমদানিকারক আদালত থেকে পণ্য নিজেদের জিম্মায় নেওয়ার আদেশ এনেছে। তবে কাস্টমস কর্মকর্তারা বলছেন, তারা আপিল করবেন। জাহাজ মালিকরা এ অবস্থায় আর জাহাজ ভাড়া দিতে রাজি নন। তাই বাধ্য হয়ে জাহাজ বরাদ্দ বন্ধ করতে হয়েছে।”

এ বিষয়ে জানতে চট্টগ্রাম কাস্টমসের কমিশনার হোসেন আহমদ এবং অতিরিক্ত কমিশনার আজিজুর রহমানের বক্তব্য জানতে একাধিকার চেষ্টা করেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

মাহবুব রশিদ বলেন, ডব্লিউটিসির পক্ষ থেকে দুজন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার সব পক্ষের সাথে আলাপ করে সমাধানের চেষ্টা করবেন।