চট্টগ্রামে ছাত্রলীগের ভাংচুর
স্থানীয়দের সঙ্গে বিবাদের জের ধরে চট্টগ্রাম নগরীর জিইসি থেকে গোলপাহাড় মোড় পর্যন্ত সড়কে ভাংচুর চালিয়েছে ছাত্রলীগের একদল কর্মী।
ছাত্রলীগকর্মীরা হঠাৎ করেই সড়কে নেমে বৃহস্পতিবার রাত সোয়া ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের একটি মাইক্রোবাসসহ কয়েকটি যানবাহন ভাংচুর করে বলে প্রত্যক্ষদর্শীরা জানায়।
চকবাজার থানার ওসি আজিজ আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বন্দরটিলা এলাকায় ওমর গণি এমইএস কলেজ ছাত্রলীগের একটি অংশের সঙ্গে স্থানীয় কয়েকজনের হাতাহাতি হয়।
“পরে কলেজ ছাত্রলীগের কর্মীরা এসে জিইসি থেকে গোলপাহাড় পর্যন্ত কয়েকটি যানবাহন ভাংচুর করে।”
তবে কার সাথে কার কী নিয়ে হাতাহাতি হয় বা কয়টি গাড়ি ভাংচুর হয়েছে, সে বিষয়ে ওসি কিছু জানাতে পারেননি।
স্থানীয়রা জানায়, এমইএস কলেজের শামীম গ্রুপের কর্মীরা ভাংচুরে অংশ নেয়। তারা লাঠিসোঁটা ও হকিস্টিক নিয়ে ভাংচুর করে।
রাতে হঠাৎ এই ভাংচুর শুরু হলে পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের চট্টগ্রামের প্রতিবেদক অনুপম পার্থ জানান, সাড়ে ১০টার দিকে গোলপাহাড় মোড়ে তাদের কার্যালয়ের সামনে রাখা মাইক্রোবাসটি ভেঙে ফেলা হয়।
এ ঘটনায় পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। থানায় কেউ কোনো অভিযোগও করেনি বলে ওসি জানান।
