‘জাহাজ আর আলোর খেলায়’ চট্টগ্রামের ইতিহাস
যেন একের পর এক আরব-চীনা-পর্তুগিজ-ইংরেজ জাহাজের বহর ভিড়ছে চট্টগ্রাম বন্দরে। আর সেসব জাহাজে আসছেন বণিকরা।
বৃহস্পতিবার সন্ধ্যায় বন্দর স্টেডিয়ামে এভাবে চট্টগ্রামের ইতিহাস-ঐতিহ্য তুলে ধরা হয় লাইট অ্যান্ড সাউন্ড শো’র মাধ্যমে।
দি চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির শতবর্ষ উদযাপন উপলক্ষে পাঁচ দিনব্যাপী অনুষ্ঠানের প্রথম দিনের এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেম্বারের সাবেক সভাপতি ও ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ।
লাইট অ্যান্ড সাউন্ড শো’তে ধারাবাহিকভাবে তুলে ধরা হয় চট্টগ্রামের ইতিহাস।
ধারা বর্ণনায় জানানো হয়, দ্বাদশ শতকে আরব বণিকরা জাহাজ নিয়ে চট্টগ্রামে আসেন। বিশ্ববিখ্যাত পর্যটক ইবনে বতুতাও আসেন সেসময়ের চট্টগ্রাম বন্দরে।
এরপর ধারাবাহিকভাবে আসেন ত্রিপুরার রাজা, ১৪০৫ সালে আসেন চীনা ব্যবসায়ীরা।
সেসময়ে বিখ্যাত ছিল চট্টগ্রামের জাহাজ নির্মাণ শিল্প। পঞ্চদশ ও ষোড়শ শতকে চট্টগ্রামে তৈরি যুদ্ধ জাহাজ রপ্তানি হতো ইউরোপে।
সেসময়ের তৈরি একটি জাহাজ জার্মানির যাদুঘরে আছে বলেও অনুষ্ঠানে জানানো হয়।
এসব ধারা বর্ণনার সময় বিদেশি বণিকের সাজে আরোহীদের নিয়ে একের পর এক জাহাজ প্রবেশ করছিল মাঠে। এসময় বন্দর এলাকার আকাশ রঙিন হয়ে ওঠে আতশবাজির আলোয়। প্রায় এক হাজার আতশবাজি পোড়ানো হয় অনুষ্ঠানে।
এরপর সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন প্রেম সুন্দর বৈষ্ণব ও চট্টগ্রামের আঞ্চলিক গানের শিল্পীরা।
রোববার সকালে চট্টগ্রামের পাঁচ তারকা রেডিসন ব্লু হোটেলে ‘বিজনেস কনফারেন্সে’ ও একই দিন বিকালে ‘ইয়ুথ কনফারেন্স’ হবে। আর শেষ দিন সোমবার রাঙ্গামাটির আরণ্যক কটেজে হবে ‘ইকো ট্যুরিজম’ শীর্ষক অনুষ্ঠান।
