চট্টগ্রামে ডেলকো পিওর ড্রিংকিং ওয়াটারকে জরিমানা
বোতলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) স্টিকার লাগিয়ে প্রতারণার দায়ে চট্টগ্রাম নগরীর এক পানি কারখানা সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার নগরীর বায়েজিদ এলাকার বালুছড়ায় হাটহাজারী সড়কে অবস্থিত ডেলকো ইন্টারন্যাশনাল পিওর ড্রিংকিং ওয়াটার নামের ওই কারখানাকে ৪০ হাজার টাকা জরিমানাও করা হয় বলে জানান আদালতের নেতৃত্ব দেওয়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও বিএসটিআই’র নীতিমালা মেনে পানি বোতলজাত করার স্টিকার লাগানো হলেও ওয়াসার মরচেপড়া পাইপ থেকে পানি বোতলজাত করতে দেখা গেছে। কারখানাটির লাইসেন্সের মেয়াদও শেষ হয়ে গিয়েছিল।
এসব অভিযোগে ৪০ হাজার টাকা জরিমানার পাশাপাশি কারখানাটি সিলগালা করে দেওয়া হয় বলে জানান রুহুল আমিন।
