চট্টগ্রামে ফেনসিডিল রাখার অপরাধে ২ জনের যাবজ্জীবন
ফেনসিডিল রাখার অপরাধে সাত বছর আগের এক মামলায় চট্টগ্রামে দুই মাদক বিক্রেতাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
সাজাপ্রাপ্ত কুতুব উদ্দিন ও ইকবাল হোসেনের মধ্যে কুতুব পলাতক রয়েছেন।
চট্টগ্রাম মহানগর দায়রা জজ শাহে নূর বৃহস্পতিবার এ রায় ঘোষণা করেন।
চট্টগ্রাম মহানগর পাবলিক প্রসিকিউর (পিপি) ফখরুদ্দিন চৌধুরী জানান, সাজাপ্রাপ্ত দুই আসামিকে বিচারক ১০ হাজার টাকা করে জরিমানাও করেছেন। জরিমানার টাকা না দেওয়া হলে আরও ছয়মাস কারাভোগ করতে হবে তাদের।
২০০৯ সালের ২২ মার্চ সকালে নগরীর বেটারি গলিতে দুই আসামিকে ৬০০ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার করেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা। এ ঘটনায় অধিদপ্তরে পক্ষ থেকে একটি মামলা করা হয়।
ঘটনার সময় মামলার দুই আসামি গ্রেপ্তার হলেও কুতুব উদ্দিন পরে জামিন নিয়ে পালিয়ে যান।
এ মামলায় ২০০৯ সালের ১৮ এপ্রিল আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হয় এবং ২২ জুন তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।
মামলার আটজন সাক্ষীর সাক্ষ্যে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এ রায় ঘোষণা করে বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী ফখরুদ্দিন।
