অর্থ আত্মসাৎ: চট্টগ্রামে ২ ইউনিপে টু ইউ সদস্যের কারাদণ্ড
প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের দায়ে মাল্টিলেভেল মার্কেটিং কোম্পানি ‘ইউনিপে টু ইউ’র দুই সদস্যকে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছে চট্টগ্রামের একটি আদালত।
বৃহস্পতিবার চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিম শাজাহান কবীর এ রায় দেন বলে আদালতের সহকারী পিপি রণি কুমার দে জানিয়েছেন।
এরা হলেন- শাহাদাত হোসেন চৌধুরী ও আইয়ুব আলী; দুজনই পলাতক রয়েছেন।
কারাদণ্ডের পাশাপাশি দুজনকে ২০ হাজার টাকা করে জরিমানাও করেছেন বিচারক।
রণি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আদালত প্রত্যেকের জরিমানা থেকে ১৬ হাজার করে টাকা বাদিকে ক্ষতিপূরণ হিসেবে দিতে নির্দেশ দিয়েছে।”
তিন লাখ ৪৬ হাজার টাকা আত্মসাতের দায়ে ২০১৩ সালের ১৭ জুন মোহাম্মদ ইয়াসিন নামে এক ব্যক্তি শাহাদাত, তার মেয়ে নাঈমা জান্নাত চৌধুরী ও আইয়ুবের বিরুদ্ধে মামলা করেন।
অভিযোগ প্রমাণিত না হওয়ায় নাঈমা জান্নাত চৌধুরীকে আদালত খালাস দিয়েছে বলে রণি জানান।
