অর্থ আত্মসাৎ: ৩০ বছর আগের মামলায় চারজনের জেল-জরিমানা
পারস্পরিক যোগসাজশে অর্থ আত্মসাতের অভিযোগে চট্টগ্রামে প্রায় ৩০ বছর আগে দায়ের চার মামলায় তিন ব্যাংক কর্মকর্তা ও এক ব্যবসায়ীকে ২০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মীর রুহুল আমিন তাদেরকে এ দণ্ড দেন।
প্রত্যেক আসামিকে প্রতি মামলায় দুই হাজার টাকা করে জরিমানার পাশাপাশি আত্মসাৎ করা দেড় কোটি টাকা সমান ভাগে তাদের স্থাবর-অস্থাবর সম্পত্তি থেকে আদায় করারও নির্দেশ দিয়েছে আদালত।
দণ্ডিতরা হলেন- অগ্রণী ব্যাংক খাতুনগঞ্জ শাখার তৎকালীন ব্যবস্থাপক আবদুস শুক্কুর, ক্যাশিয়ার মঈন উদ্দিন চৌধুরী ও কর্মকর্তা তড়িৎ কান্তি সেন এবং মেসার্স সৈকত ট্রেডার্সের মালিক বিভূতিভূষণ তালুকদার।
দণ্ডিতদের মধ্যে বিভূতিভূষণ ছাড়া অন্যরা পলাতক।
আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী মেজবাহ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চারটি মামলায় প্রত্যেক আসামিকে পাঁচ বছর করে মোট ২০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। সাজা একটির পর একটি কার্যকর হবে।
“প্রত্যেক আসামিকে প্রতি মামলায় দুই হাজার টাকা করে জরিমানা; অনাদায়ে আরও ছয় মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি আত্মসাৎ করা দেড় কোটি টাকা সমান ভাগে আসামিদের স্থাবর-অস্থাবর সম্পত্তি থেকে আদায় করারও নির্দেশ দিয়েছে আদালত।”
আদালত সূত্র জানায়, ভুয়া এলসি খুলে ১৯৮৫ সালের ৩১ জুলাই থেকে ১৯৮৬ সালের ২ জুলাই পর্যন্ত সময়ে চারটি চেকের মাধ্যমে মোট দেড় কোটি টাকা আত্মসাৎ করেন এ চারজন।
এ ঘটনায় দুর্নীতি দমন ব্যুরো ১৯৮৭ সালের ১৪ জনকে আসামি করে মামলা করে। তদন্ত শেষে ১৯৯৩ সালে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। ২০০০ সালে অভিযোগ গঠন করা হয়।
১১ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে বুধবার আদালত এ রায় দেয়। অভিযোগ প্রমাণ না হওয়ায় ১০ জনকে খালাস দিয়েছে আদালত।
আইনজীবী মেজবাহ বলেন, বিভূতিভূষণের নামে ব্যাংক হিসাব খুলে এসব টাকা ওই হিসাবে নেওয়া হয়। পরে চিনি আমাদানির এলসি খোলা হলেও কোনো চিনি আমদানি করা হয়নি।
