শুভেচ্ছা সফরে চট্টগ্রামে চীনের ৩ যুদ্ধজাহাজ
পাঁচ দিনের শুভেচ্ছা সফরে চট্টগ্রামে এসে পৌঁছেছে চীনা নৌবাহিনীর তিনটি যুদ্ধজাহাজ।
বুধবার দুপুরে চট্টগ্রাম বন্দরের ৫ নম্বর জেটিতে এসে পৌঁছালে বানৌজা ঈসা খানের অধিনায়ক কমডোর এম রাশেদ আলী জাহাজ তিনটিকে স্বাগত জানান।
এসময় বাংলাদেশ নৌবাহিনীর একটি সুসজ্জিত দল চীনা নৌবাহিনীর সাউথ সী ফ্লীটের ডেপুটি চিফ রিয়ার এডমিরাল ইউ মানজিয়াংকে গার্ড অব অনার দেয়।
সফরে আসা জাহাজ তিনটি হলো লিউচৌ, সানইয়া, ছিংহাইহু।
জাহাজ তিনটিকে স্বাগত জানাতে চট্টগ্রামে বসবাসরত চীনা নাগরিকরাও বন্দরে উপস্থিত হন।
‘বাংলাদেশ নিজেদের ঘরের মতোই’ মন্তব্য করে রিয়ার এডমিরাল ইউ মানজিয়াং বলেন, “এ সফর ভ্রাতৃপ্রতীম দুই দেশের নৌবাহিনীর মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সামনের দিকে এগিয়ে নেবে।”
বাংলাদেশে অবস্থানকালে ইউ মানজিয়াংসহ চীনা নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডার রিয়ার এডমিরাল আখতার হাবিব ও বিএন ফ্লিট কমান্ডার রিয়ার এডমিরাল এম খালেদ ইকবালের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হবেন।
শুভেচ্ছা সফর শেষে ৩১ জানুয়ারি চীনা জাহাজ তিনটি বাংলাদেশ ত্যাগ করবে।
