২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীকে নিয়ে ‘ব্যাঙ্গাত্মক ছবি’, শিবিরকর্মী গ্রেপ্তার

প্রধানমন্ত্রী, কয়েকজন মন্ত্রী ও আওয়ামী লীগ নেতা এবং পুলিশপ্রধানের ছবি বিকৃত করে ফেইসবুকে পোস্ট করায় চট্টগ্রামে ছাত্র শিবিরের এক কর্মীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2016, 05:15 PM

Updated : 20 Aug 2022, 11:42 AM

মঙ্গলবার রাতে নগরীর কোতোয়ালী থানার আন্দরকিল্লা এলাকা থেকে এনামুল হক (২৮) নামের ওই শিবিরকর্মীকে গ্রেপ্তার করা হয় বলে জানান গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সন্তোষ চাকমা।

আন্দরকিল্লা এলাকার প্রিন্টিং ব্যবসায় সম্পৃক্ত এনামুল ২০১৩ সালেও গ্রেপ্তার হয়েছিলেন।

এসআই সন্তোষ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এনামুল তার ফেইসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক মাহবুবুল আলম হানিফ, সাবেক বন ও পরিবেশমন্ত্রী হাছান মাহমুদ এবং পুলিশের আইজি এ কে এম শহীদুল হকের ব্যাঙ্গাত্মক ছবি ফেইসবুকে পোস্ট করেন।

এনামুল বিভিন্ন ধরনের ব্যাঙ্গাত্মক স্লোগানও তার ফেইসবুক ওয়ালে পোস্ট করেন।

পুলিশ কর্মকর্তা সন্তোষ বলেন, এনামুলকে মঙ্গলবার রাতে গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে কোতোয়ালী থানায় পুলিশ বাদি হয়ে মামলা করে। মামলায় বুধবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

এনামুল ২০১৩ সালে হাতবোমা বিষ্ফোরণ ঘটাতে গিয়ে আহতাবস্থায় পাঁচলাইশ থানা পুলিশের হাতে গ্রেপ্তার হন বলে জানান তিনি।