২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চবি'র চতুর্থ সমাবর্তন রোববার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চতুর্থ সমাবর্তন হতে যাচ্ছে আগামী রোববার, যাতে বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করা সাত হাজারেরও বেশি শিক্ষার্থীর অংশ নেওয়ার কথা রয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2016, 08:09 PM

Updated : 20 Aug 2022, 11:41 AM

সমাবর্তনে সভাপতি হিসেবে বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ এবং সমাবর্তন বক্তা হিসেবে অধ্যাপক ড. আনিসুজ্জামান উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।

এদিকে সমাবর্তনের কাজ নির্বিঘ্ন করতে ব্যস্ত সময় কাটাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক কামরুল হুদা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সুষ্ঠুভাবে সমাবর্তন সম্পন্ন করতে আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে বৈঠক হয়েছে। অনুষ্ঠানস্থলে মঞ্চ নির্মাণ ও আলোকসজ্জাসহ সব প্রস্তুতি শেষ পর্যায়ে"।

সমাবর্তন উপলক্ষে রোববার ও সোমবার দুই দিন বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে বলেও জানান তিনি।

তৃতীয় সমাবর্তনের সাত বছর পর হতে যাওয়া এ সমাবর্তনে অংশ বিশ্ববিদ্যালয়ের সাত হাজার ১৯৪ জন সাবেক শিক্ষার্থী অংশ নিচ্ছেন।  

এতে ২০০৪ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত পরীক্ষায় উত্তীর্ণ স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রিধারীদের এবং ২০০৮ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত পিএইচডি, এমফিল, এমএস, চিকিৎসা বিজ্ঞান, নার্সিং ও সাধারণ ডিগ্রিধারীদের সনদ ও চ্যান্সেলর পদক দেওয়া হবে।

সমাবর্তনে অংশগ্রহণকারীদের জন্য বুধবার থেকে শুরু হচ্ছে সমাবর্তনের গাউন বিতরণ।

বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের অডিটোরিয়াম থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সিনেট ও সিন্ডিকেট সদস্যরা বৃহস্পতি ও শুক্রবার এবং বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা শুক্র ও শনিবার গাউন সংগ্রহ করবেন।

এছাড়া সমাবর্তনের দিনেও বিশ্ববিদ্যালয়ের মোট ৭২টি বুথ থেকে গাউন ও খাবার সংগ্রহ করা যাবে এবং তথ্য সরবরাহের জন্য ১৫টি বুথ থাকবে বলে জানান রেজিস্ট্রার অধ্যাপক কামরুল হুদা।

এদিকে সমাবর্তনে সময় বিভিন্ন বুথে দায়িত্বপ্রাপ্ত শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের নিয়ে বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদ মিলনায়তনে মঙ্গলবার এক ওরিয়েন্টেশন প্রোগ্রাম হয়।

এতে রেজিস্ট্রার অধ্যাপক কামরুল হুদা প্রজেক্টরের মাধ্যমে দায়িত্বপ্রাপ্তদের অনুষ্ঠানের বিভিন্ন দিক সম্পর্কে অবহিত করেন।

বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী মো. আবু সাঈদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সমাবর্তনে সাত হাজার ১৯৪ জন গ্র্যাজুয়েট আবেদন করলেও আমরা অন্তত ১০ হাজার অতিথির আসনের ব্যবস্থা করছি।

“বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে প্যান্ডেল নির্মাণ ও অবকাঠামোর কাজ খুব দ্রুত এগিয়ে চলছে। ৩০ জানুয়ারি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মহড়া অনুষ্ঠিত হওয়ার আগেই সম্পূর্ণ প্রস্তুতি শেষ হবে।”

প্রতিষ্ঠার পর থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এ পর্যন্ত ১৯৯৪, ১৯৯৯ ও ২০০৮ সালে মোট তিনবার সমাবর্তন হয়।