২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শপথ নিয়ে ‘পলাতক’ সাতকানিয়ার সেই কাউন্সিলর

ভোটের দিন গুলিতে নিহতের পরিবারের করা হত্যা মামলার আসামি সাতকানিয়ার এক কাউন্সিলর শপথ নেওয়ার পর ‘পালিয়ে’ গেছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2016, 09:59 PM

Updated : 11 Oct 2022, 07:40 PM

চট্টগ্রাম সার্কিট হাউজে রোববার বিভাগের অন্য পৌর মেয়র ও কাউন্সিলরদের সঙ্গে শপথ গ্রহণ অনুষ্ঠানে ছিলেন সাতকানিয়া ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোজাম্মেল হক ভোলা।

নিহতের পরিবারের অভিযোগ, শপথ নেওয়ার পর সাতকানিয়ার সংসদ সদস্যের গাড়িতে করে সার্কিট হাউজ এলাকা ছেড়ে যান মোজাম্মেল।

পুলিশ বলছে, হাজার হাজার মানুষ থাকায় কোন গাড়িতে তিনি চলে গেছেন, তা তারা বুঝতে পারেনি। তবে সাংসদের গাড়িতে তিনি চড়েননি বলে পুলিশের দাবি।

শপথ নিয়ে আর এলাকাতে ফেরেননি সাতকানিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদ্য সাবেক সম্পাদক মোজাম্মেল। গত ১৬ জানুয়ারি স্বেচ্ছাসেবক লীগের কমিটি বিলুপ্ত করা হয়েছে।

গত ৩০ ডিসেম্বর ভোটের দিন সকালে সাতকানিয়া সরকারি কলেজ কেন্দ্রের কাছে দুই কাউন্সিলর প্রার্খী মোজাম্মেল হক ও মনিরুল ইসলামের সমর্থকদের মধ্যে গুলি বিনিময় হয়।

এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান মোহাম্মদ নুরুল আমিন (৪৭)। তিনি সাতকানিয়ার গোয়াজর পাড়ার আবদুর রহিমের ছেলে।

কক্সবাজারের মহেশখালীতে নুরুলের একটি লেপ তোষকের দোকান আছে। ভোট দিতেই তিনি মহেশখালী থেকে সাতকানিয়ার বাড়িতে এসেছিলেন। 

এ ঘটনায় নিহতের স্ত্রী নুরুন্নাহার বেগম বাদী হয়ে ৩১ ডিসেম্বর থানায় নয়জনকে আসামি করে হত্যা মামলা করেন। ওই মামলার প্রধান আসামি মোজাম্মেল।  

নুরুল আমিনের খুনিদের গ্রেপ্তারের দাবিতে ১০ জানুয়ারি চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে মানববন্ধন করে সাতকানিয়ার স্থানীয় বাসিন্দারা।

মামলার বাদী নুরুন্নাহার সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নয়জন আসামির একজনও গ্রেপ্তার হয়নি।

“কাল (রোববার) সে শপথ নিয়েছে। এমপি গাড়িতে করে নিয়ে গেছে। পুলিশ আর কি গ্রেপ্তার করবে?”

নুরুল আমিনের ছেলে এসএসসি পরীক্ষার্থী মো. সাকিব বলেন, “বাবা মারা যাওয়ার পর আমাদের এলাকায় এক অনুষ্ঠানে এমপি সাহেব এসেছিলেন। তার সাথে দেখা করেছিলাম। তিনি বলেছিলেন ২৪ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তার হবে। এখনও কেউ গ্রেপ্তার হয়নি।”

মোজাম্মেলের শপথ গ্রহণের বিষয়টি নিশ্চিত করেন সাতকানিয়ার পৌর মেয়র মোহাম্মদ জোবায়ের।

উপজেলা স্বেচ্ছাসেবক লীগের বিলুপ্ত কমিটির সভাপতি মোহাম্মদ জোবায়ের বলেন, “কমিটি অকার্যকর হওয়ায় ভেঙে দেওয়া হয়েছে। সে হত্যা মামলার আসামি। তার বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে।”

নিজের গাড়িতে করে হত্যা মামলার আসামিকে সার্কিট হাউজ ত্যাগের সুযোগ করে দেওয়ার বিষয়ে জানতে সোমবার বিভিন্ন সময় বেশ কয়েকবার যোগাযোগের চেষ্টা হলেও ফোন ধরেননি সাতকানিয়ায় আওয়ামী লীগ সাংসদ আবু রেজা মো. নেজাম উদ্দিন নদভী।

সাতকানিয়া থানার ওসি ফরিদ উদ্দিন বলেন, “এটা ফালতু কথা। এমপির গাড়িতে সে (মোজাম্মেল) যায়নি। এমপি নিজেই গতকাল (রোববার) আমাকে বলেছেন, মোজাম্মেলকে ধরতে লোক পাঠানোর জন্য।

“উনি কয়েকবার ফোন করে মনিটর করেছেন। উনি ভালো মানুষ। তার ইমেজ নষ্ট করতে এসব বলা হচ্ছে।”

“সার্কিট হাউজে হাজার হাজার লোক আর শত শত গাড়ি ছিল। তাই গিয়েও মোজাম্মেলকে পাইনি,” রোববার গ্রেপ্তার করতে না পারার কারণ দেখান ওসি।

তিনি বলেন, “শপথ নিয়ে সে পালিয়ে গেছে। শুরু থেকেই তার বাড়িঘরের আশেপাশে লোক লাগিয়ে রেখেছি। প্রযুক্তির সহায়তা নিয়ে শহরেও তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

হত্যা মামলার আসামি কাউন্সিলরের শপথ গ্রহণের বিষয়ে নির্বাচন কমিশনের আইন শাখার যুগ্ম সচিব ড. মো. শাজাহান বলেন, এ বিষয়ে কমিশনের করণীয় কিছু নেই।

“যেহেতু এটা ফৌজদারি অপরাধ। এটা আইনশৃঙ্খলা বাহিনী ও আদালত দেখবে।”