চট্টগ্রামে লাইসেন্স ছাড়া কবিরাজি ওষুধ মজুদে জরিমানা
চট্টগ্রামে লাইসেন্স ছাড়া কবিরাজি ওষুধ মজুদের অভিযোগে একটি ডিপো সিলগালা ও কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার নগরীর স্টেশন রোড এলাকার রেলওয়ে মেনজ মার্কেটে পরিচালিত এ অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন নেতৃত্ব দেন।
রেলওয়ে মেনজ মার্কেটে থাকা নোয়াখালী দাওয়াখানায় এ অভিযান চালানো হয়। এতে নোয়াখালী দাওয়াখানার ডিপো থেকে ৩৩ বোতল মেয়াদোউত্তীর্ণ মধু ও ৩১০ কৌটা মিচব্র্যান্ড ওষুধ জব্দ করা হয়।
ম্যাজিস্ট্রেট রুহুল আমিন বিডিনিউজ টোয়েন্টিফো ডকটমকে বলেন, "লাইসেন্স ছাড়া বাদিয়ান নামের একটি কবিরাজী ওষুধ উৎপাদন করে আসছিল নোয়াখালি দাওয়াখানা।
"এছাড়াও তৈরি করা ওষুধ মজুদের যে জন্য যে ডিপো তার জন্য কোনো লাইসেন্স নেওয়া হয়নি। এছাড়া ওই ডিপোতে মেয়াদোত্তীর্ণ মধু বোতলে ভরে নতুন করে লেবেল লাগানো হচ্ছিল"।
এ ধরনের কয়েকটি অভিযোগে ডিপো সিলগালা করে কর্তৃপক্ষের কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয় বলে জানান রুহুল আমিন।
