২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম সেন্ট স্কলাসটিকায় যৌন হয়রানির প্রমাণ মেলেনি তদন্তে

চট্টগ্রামের সেন্ট স্কলাস্টিকা স্কুলে নির্মাণ কাজের শ্রমিকের এক ছাত্রীর ‘গায়ে হাত দেওয়ার চেষ্টার’ অভিযোগের সত্যতা খুঁজে পাওয়া যায়নি বলে জানিয়েছে তদন্ত কমিটি।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2016, 10:23 PM

Updated : 20 Aug 2022, 11:40 AM

রোববার সন্ধ্যায় স্কুল অভিভাবক ও গণমাধ্যমকর্মীদের সামনে প্রতিবেদন তুলে ধরেন অভিযোগ তদন্তে বিদ্যালয় কর্তৃপক্ষের গঠিত কমিটি।

প্রতিবেদনে বলা হয়, “যতটুকু ঘটনা ঘটেছে, তার চাইতে অতি রটনার কারণে ঐতিহ্যবাহী এ বিদ্যালয়ে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে।”

প্রতিবেদন উপস্থাপনের সময় ঘটনার শিকার ছাত্রীর বাবাও উপস্থিত ছিলেন। তিনিও বলেন, ‘তুচ্ছ ঘটনা’কে কেন্দ্র করে স্কুলে অনাকাঙিক্ষত ঘটনা ঘটেছে।

গত ১৯ জানুয়ারি স্কুল ভবন নির্মাণ কাজে নিয়োজিত এক শ্রমিক তৃতীয় শ্রেণির এক ছাত্রীর ‘গায়ে হাত দেওয়ার চেষ্টা’ করেছে অভিযোগ করে বিক্ষোভ করে অভিভাবকরা। এর পরিপ্রেক্ষিতে স্কুল কর্তৃপক্ষ দুই দিনের জন্য স্কুল বন্ধ ঘোষণা করে।

পরদিন পুনরায় বিক্ষোভ শুরু হলে স্থানীয় ও পাশের ওয়ার্ডের তিন কাউন্সিলর, অভিভাবক, শিক্ষক প্রতিনিধি মিলিয়ে নয় সদস্যের তদন্ত কমিটি গঠন করে স্কুল কর্তৃপক্ষ।

তদন্ত কমিটিতে অভিভাবক প্রতিনিধি অশোক কুমার দাশ তদন্ত প্রতিবেদন তুলে ধরেন।

তদন্ত প্রতিবেদনে বলা হয়, তৃতীয় শ্রেণির ওই ছাত্রী তৃতীয় তলা থেকে নির্মাণাধীন চতুর্থ তলার বাথরুমে যাওয়ার সময় এক শ্রমিক হাত বাড়িয়ে বাধা দেয়। এসময় ওই ছাত্রী ক্লাসে গিয়ে তার দুই বান্ধবীকে এবং বাসায় গিয়ে একই স্কুলে পড়ুয়া তার বড় বোনকে বিষয়টি জানায়।  

বিক্ষোভকারী অভিভাবকরা ঘটনা ধামাচাপা দিতে স্কুলে বিস্কুট বিতরণ করার যে অভিযোগ তুলেছিলেন, সে বিষয়ে প্রতিবেদনে বলা হয়, সেন্ট স্কলাস্টিকা স্কুলের প্রতিষ্ঠাতা ইউফ্রেজী বারবিয়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রতি বছরের ১৮ জানুয়ারি আরএনডিএম (রিলিজিয়াস নটরডেম মিশন) সিস্টারদের দ্বারা পরিচালিত সব বালিকা বিদ্যালয়ে বিস্কুট ও চকলেট বিতরণ করা হয়।

প্রতিবেদন প্রকাশের পর স্কুলের প্রধান শিক্ষিকা সিস্টার রেনু মারিয়া পালমা বলেন, “একটি অশুভ চক্র ভ্রান্ত তথ্য প্রচার করে বিদ্যালয়ের সুনাম ক্ষুণ্ন ও পরিবেশ নষ্ট করছে।”

গত ২১ জানুয়ারি যারা বিদ্যালয়ের ফটক ভেঙে ঢুকে ‘উচ্ছৃঙ্খল’ আচরণ করেছে, তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলেও জানান তিনি।

এদিকে তদন্ত কমিটিতে থাকা ৩৩ নম্বর ফিরিঙ্গী বাজার ওয়ার্ড কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব বলেন, স্কুল প্রশাসন ও অভিভাবকদের মধ্যে দূরত্ব থাকায় এই ধরনের ঘটনা ঘটেছে।

তবে এই অভিযোগ অস্বীকার করে প্রধান শিক্ষিকা বলেছেন, ২০১৪ সালের ১৩ অক্টোবর তিনি এই স্কুলের দায়িত্ব নেওয়ার পর থেকে ১২টি অভিভাবক সভা করেছেন।

“অভিভাবকরা আমাকে বলেছে, আগে কখনও তারা স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে না পারলেও এখন তারা কথা বলতে পারেন।”

রোববার স্কুল খোলার কথা থাকলেও অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে গেইটে বিজ্ঞপ্তি লাগিয়েছে কর্তৃপক্ষ।

প্রধান শিক্ষক বলেন, সংস্কার কাজ শেষ করার জন্য আরও কিছুদিন স্কুল বন্ধ রাখা হয়েছে, শিগগিরই খুলে দেওয়া হবে।