চট্টগ্রামে গ্যাস সরবরাহ বাড়ানোর আহ্বান চেম্বার সভাপতির
চট্টগ্রামের গ্যাস সঙ্কট নিরসনে জাতীয় গ্রিড থেকে সরবরাহ বাড়াতে প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টার পাশাপাশি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী এবং পেট্রোবাংলার চেয়ারম্যানকে আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম।
শনিবার সন্ধ্যায় এক বিবৃতিতে এ আহ্বান জানিয়ে বলা হয়, গ্যাস সরবরাহ কমায় চট্টগ্রামের শিল্প ও আবাসিক খাতের গ্রাহকরা চরম দুর্দশার শিকার হচ্ছেন।
গ্যাস সঙ্কট নিরসনে জাতীয় গ্রিড থেকে সরবরাহ বাড়াতে চেম্বার সভাপতির পক্ষ থেকে গত বৃহস্পতিবার জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী, প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু ও পেট্রোবাংলার চেয়ারম্যান ইশতিয়াক আহমদকে চিঠিও দেওয়া হয়।
চেম্বার সচিব প্রকৌশলী আলমগীর চৌধুরী স্বাক্ষরিত বিবৃতিতে সভাপতি মাহবুবুল বলেন, চট্টগ্রামে শিল্প খাতে উৎপাদন ব্যাহত হচ্ছে। বিদেশি ক্রেতাদের আদেশ মত পণ্য রপ্তানিও বাধাগ্রস্ত হচ্ছে।
“এছাড়া গ্যাসনির্ভর হাজার হাজার ঘর-বাড়ি ও খাবারের দোকানে রান্না করা যাচ্ছে না। এতে নগরবাসী চরম ভোগান্তিতে পড়েছে। গ্যাসের অভাবে রাউজান তাপবিদ্যুৎ কেন্দ্র ও শিকলবাহায় বিদ্যুৎ উৎপাদন করা যাচ্ছে না।”
তিনি বলেন, চট্টগ্রামে বছরের পর বছর চাহিদার তুলনায় অর্ধেক গ্যাস সরবরাহের কারণে শিল্পায়ন এখন প্রায় বন্ধ। চলমান শিল্প-কারখানার অবস্থাও নাজুক।
“রেশনিং এর মাধ্যমে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (কেজিডিসিএল) কোনোরকমে পরিস্থিতি সামাল দিচ্ছিল। এখন সরবরাহ কমায় অচলাবস্থা সৃষ্টি হয়েছে।”
চট্টগ্রামে দৈনিক গ্যাসের চাহিদা ৪৮০-৫০০ মিলিয়ন ঘনফুট হলেও পাওয়া যায় গড়ে ২৮০ মিলিয়ন ঘনফুট। তবে গত ১৮ জানুয়ারি থেকে সরবরাহ আরও কমেছে; তা সর্বনিম্ন ২২০ থেকে সর্বোচ্চ ২৩০ মিলিয়ন ঘনফুটে নেমে এসেছে।
এ কারণে নগরীর বেশিরভাগ এলাকায় দিনের বেলা চুলায় গ্যাস না থাকায় ভোর বা রাতে রান্না করতে হয়। সিএনজি ফিলিং স্টেশনে থাকে গাড়ির দীর্ঘ লাইন।
বিবৃতিতে চেম্বার সভাপতি বলেন, ইতোপূর্বে বিভিন্ন সময় গ্যাস সঙ্কটের বিষয়টি সুরাহায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর চিঠি দিয়েও পরিস্থিতির আশানুরূপ কোনো উন্নতি হয়নি।
“দেশের বাণিজ্যিক কার্যক্রমের কেন্দ্রবিন্দু ও দ্বিতীয় বৃহত্তম মহানগরীর প্রায় অর্ধ কোটি অধিবাসী ও শিল্পোদ্যোক্তাদের নাজুক অবস্থা বিবেচনায় জরুরিভিত্তিতে জাতীয় গ্রিড থেকে চট্টগ্রামে পর্যাপ্ত গ্যাস সরবরাহ নিশ্চিতে সংশ্লিষ্টদের যথাযথ উদ্যোগ কামনা করছি।”
