২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘দুবাইয়ের বিরোধে’ হাটহাজারীতে অপহৃত স্কুলছাত্র গুইমারায় উদ্ধার

চট্টগ্রামের হাটহাজারী উপজেলা থেকে অপহৃত সপ্তম শ্রেণির ছাত্র শোয়েব আক্তার আপনকে (১২) নয়দিন পর খাগড়াছড়ির গুইমারা উপজেলা থেকে উদ্ধার করা হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2016, 06:02 PM

Updated : 11 Oct 2022, 07:39 PM

পুলিশ বলছে, দুবাইয়ে বাবার সঙ্গে দোকান নিয়ে বিরোধের জেরে গত ১৩ জানুয়ারি আপনকে অপহরণ করা হয়; শুক্রবার তাকে উদ্ধার এবং অপহরণ চক্রের মূল হোতাকেও গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার দুপুরে হাটহাজারী থানার ওসি ইসমাইল হোসেন জানান, ওই ঘটনায় জড়িত অভিযোগে শুক্রবার পর্যন্ত পেশাদার ছয় অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন- নুরুদ্দীন, শিপ্লব নাথ, অপু দাশ, ওসমান, সোহেল ও নুর উদ্দীন।

হাটহাজারী থানার ছিপাতলি গ্রামের বাসিন্দা নুরুদ্দীন অপহরণকারী চক্রের মূল হোতা। অপু দাশ ও ওসমান চক্রের সিএনজিচালিত অটোরিকশার চালক।

হাটহাজারী উপজেলার নাঙ্গলমোড়া ইউনিয়নের দক্ষিণ নাঙ্গলমোড়া গ্রামের দুবাই প্রবাসী মো. কবির হাটহাজারী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় জেসমিন ভবন নামে বাড়ি করেছেন।

ওসি ইসমাইল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ১৩ জানুয়ারি সন্ধ্যায় জেসমিন ভবন থেকে আপনকে অস্ত্রের মুখে তুলে নিয়ে যায় অপহরণকারীরা। এ ঘটনায় রাতেই তার মা জেসমিন আক্তার বাদি হয়ে মামলা করেন।

তিনি বলেন, গত কয়েকদিনে হাটাহাজারী, রাঙ্গুনিয়া ও রাঙ্গামাটির বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অপহরণে জড়িত পাঁচ জনকে গ্রেপ্তার করা হয়।

“তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার খাগড়াছড়ির গুইমারা উপজেলায় অভিযান চালিয়ে নুরুদ্দীনকে গ্রেপ্তার ও আপনকে উদ্ধার করা হয়।”

ওসি ইসমাইল বলেন, আপনের বাবা মো. কবির দুবাই থাকেন। সেখানে একটি দোকানের মালিকানা নিয়ে মো. মোস্তফা নামের একজনের সঙ্গে তার বিরোধ আছে।

“মোস্তফার নির্দেশেই তারা আপনকে অপহরণ করে। তারা পেশাদার অপহরণকারী। নুরুদ্দীনের বিরুদ্ধে বিভিন্ন অপরাধে ১০টি মামলাও আছে।”