২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম জেলা ছাত্র ইউনিয়নের সম্মেলন শুরু

বাংলাদেশ ছাত্র ইউনিয়নের চট্টগ্রাম জেলা শাখার দুই দিনব্যাপী ৩২তম জেলা সম্মেলন শুরু হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2016, 12:32 AM

Updated : 20 Aug 2022, 11:40 AM

বৃহস্পতিবার বিকেলে নগরীর শহীদ মিনারে জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তোলন করে সম্মেলনের উদ্বোধন করেন মুক্তিযোদ্ধা ও শ্রমিক নেতা আহসান উল্লাহ চৌধুরী।

শুক্রবার সম্মেলনের দ্বিতীয় দিনে কাউন্সিল অনুষ্ঠিত হবে।

আনুষ্ঠানিক উদ্বোধন শেষে শহীদ মিনার থেকে শোভাযাত্রা বের করেন ছাত্র ইউনিয়ন কর্মীরা। নগরীর বিভিন্ন সড়ক ঘুরে আবার শহীদ মিনারে গিয়ে শেষ হয় শোভাযাত্রাটি।

এরপর সন্ধ্যায় শহীদ মিনার এলাকায় স্টুডিও থিয়েটার হলে আলোচনা অনুষ্ঠান হয়।

প্রধান আলোচকের বক্তব্যে ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি রুহিন হোসেন প্রিন্স একই ধারার শিক্ষা ব্যবস্থা চালুর দাবি জানান।

তিনি বলেন, “রাষ্ট্র ক্রমশ শিক্ষাকে বাণিজ্যিক পণ্যে রূপান্তরিত করেছে, যা শ্রমিক- কৃষকসহ মেহনতি মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। এই নীতি মহান মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থি।

“শিক্ষা ব্যবস্থার বিভিন্ন ধারা বহাল রেখে অসাম্প্রদায়িক-বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব না।”

ছাত্র ইউনিয়নের বর্তমান সভাপতি লাকী আক্তার বলেন, “সারাদেশে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়গুলোতে রমরমা শিক্ষা বাণিজ্য চলছে। দুই-তিন গুণ হারে বেতন ও ভর্তি ফি আদায় করা হচ্ছে।”

ছাত্র ইউনিয়নের চট্টগ্রাম জেলা শাখার সভাপতি শিমুল কান্তি বৈষ্ণবের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মেহেদী হাসান নোবেল, কক্সবাজার জেলা শাখার সভাপতি সৌরভ দে, রাঙ্গামাটি জেলা শাখার সভাপতি সৈকত রঞ্জন চৌধুরী এবং চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার শিক্ষা ও গবেষণা সম্পাদক অটল ভৌমিক বক্তব্য রাখেন।

আলোচনা সভা শেষে স্টুডিও থিয়েটারে হলে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। উদীচী শিল্পী গোষ্ঠী চট্টগ্রাম জেলা সংসদ, সাংস্কৃতিক ইউনিয়ন চট্টগ্রাম জেলা এবং সাংস্কৃতিক ইউনিয়ন বিশ্ববিদ্যালয় সংসদের শিল্পীরা গান পরিবেশন করেন।