‘প্রধানমন্ত্রী পারলে চিকিৎসকরা কেন পারবেন না’
চট্টগ্রামে প্রসূতির মৃত্যুতে মামলার পক্ষে যুক্তি তুলে ধরে ধর্মঘটী চিকিৎসকদের কর্মসূচি প্রত্যাহারের আহ্বানের জানিয়েছেন বাদী খায়রুল বশর।
ধর্মঘটের মাধ্যমে সাধারণ মানুষকে জিম্মি করে আদালতের বিচার কাজ বিঘ্নিত করার চেষ্টা চলছে বলেও অভিযোগ করেছেন তিনি।
শুক্রবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, “চিকিৎসা বিজ্ঞানের এমন আধুনিক সময়ে সন্তান প্রসব করতে গিয়ে প্রাণ হারাতে হবে তা অভাবনীয়। আমার মেয়ের অবস্থা যদি জটিল হত তাহলে কেন মেডিকেল বোর্ড গঠন করে ঝুঁকি হ্রাসের চেষ্টা করা হয়নি?
“এমন ঘটনা যদি কোনো ডাক্তারের বেলায় হত তাহলে কি নিছক দুর্ঘটনা বা ভাগ্য বলে চালিয়ে দেয়া যেত?”
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নূরুল ইসলাম বিএসসির ছোট ভাই খায়রুলের মেয়ে মেহেরুন্নেসা রীমা (২৫) গত ১০ জানুয়ারি চট্টগ্রামের বেসরকারি হাসপাতাল ‘সার্জিস্কোপে’ সন্তান প্রসবের পর মারা যান।
চট্টগ্রামে বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে সেবা বন্ধ রাখায় দুর্ভোগে পড়েন রোগীরা। ছবি: সুমন বাবু
এ বিষয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করে খায়রুল বশর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি মেয়ে হারিয়েছি। আমার মেয়েকে হত্যা করা হয়েছে। বাংলাদেশের নাগরিক হিসেবে কি আমি বিচার চাইতে পারি না? আইনের আশ্রয় নেওয়া কি আমার অপরাধ?
“যারা অপরাধ করেছে আমি শুধু তাদের বিচার চাই। আমি তো সব চিকিৎসকের বিরুদ্ধে না। বিচার চেয়ে আমি আদালতে গেছি।”
চিকিৎসক দম্পতির বিরুদ্ধে মঙ্গলবার চট্টগ্রামের একটি আদালতে অভিযোগ হওয়ার পর সেটি মামলা হিসেবে গ্রহণ করতে পাঁচলাইশ থানার ওসিকে নির্দেশ দেওয়া হয়।
পরদিন বুধবার থেকে মামলা প্রত্যাহারের দাবিতে চট্টগ্রামে প্রাইভেট প্র্যাকটিস ও চেম্বার বন্ধ রেখে ধর্মঘটের ঘোষণা দেয় চিকিৎসকদের সংগঠন বিএমএ। শনিবার পর্যন্ত এ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রয়েছে তাদের।
চিকিৎসকদের ধর্মঘটের সমালোচনা করে মামলার বাদী খায়রুল বশর বলেন, “এই হৃদয় বিদারক ঘটনাকে কেন্দ্র করে আমাদের পরিবারের সাথে সমস্ত চিকিৎসক সমাজকে প্রতিপক্ষ করার হীন চেষ্টা চলছে।
“আদালতের বিচার কাজ বিঘ্নিত করতে গুটিকয়েক ডাক্তার ধর্মঘট ডেকে সাধারণ মানুষকে জিম্মি করেছে। সাধারণ মানুষ কেন ডাক্তারদের মুক্তিপণ হবে? রোগীদের জিম্মি করে মামলা প্রত্যাহারের এই প্রক্রিয়া কোনোভাবেই নিয়মতান্ত্রিক নয়।”
খায়রুল বশর বলেন, “দেশের আদালতে যদি প্রধানমন্ত্রী দাঁড়াতে পারেন তাহলে ডাক্তাররা কেন পারবেন না। অভিযুক্ত ডাক্তারদের অবশ্যই আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হবে।”
