২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কোকেন মামলা: নুর মোহাম্মদকে রিমান্ডে নিতে পারবে র‌্যাব

চট্টগ্রামে সূর্যমুখী তেলের সঙ্গে মিশিয়ে তরল কোকেন আনার ঘটনায় গ্রেপ্তার নুর মোহাম্মদের রিমান্ড বাতিল চেয়ে করা আবেদন খারিজ করে দিয়েছেন আদালত।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2016, 06:29 PM

Updated : 20 Aug 2022, 11:38 AM

চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. শাহে নূর বুধবার এ আদেশ দেন।

এর ফলে নুর মোহাম্মদকে মহানগর হাকিম আদালতের দেওয়া তিনদিনের রিমান্ডে নিতে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন চট্টগ্রামের মহানগর পিপি মো. ফখরুদ্দিন চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "রিমান্ড বাতিল চেয়ে করা আবেদন খারিজ হয়ে গেছে। ফলে আগে দেওয়া তিন দিনের রিমান্ডের আদেশ বহাল থাকল।"

আসামির আইনজীবী ইফতেখার সাইমুল চৌধুরীও নুর মোহাম্মদকে 'রিমান্ডে নিতে আইনগত আর কোনো বাধা নেই' বলে জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "রিমান্ড আদেশ বাতিল চেয়ে করা আবেদন খারিজ করার পর উচ্চ আদালতে এ বিষয়ে আবেদন করার সুযোগ থাকে। তবে এ বিষয়ে এখনো পর্যন্ত আসামির পরিবারের পক্ষ থেকে আমাকে কিছু জানানো হয়নি। "

বন্দরে কোকেনবাহী কনটেইনার জব্দের সাত মাস পর ১৫ জানুয়ারি র‌্যাব-৭ সদর দপ্তরে ডেকে নেওয়ার পর গ্রেপ্তার করা হয় নুর মোহাম্মদকে।

এরপর তাকে গ্রেপ্তার দেখিয়ে সেদিন বিকালেই আদালতে হাজির করা হয়। রাতে আদালতের নির্দেশ চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয় নুর মোহাম্মদকে।

এরপর র‌্যাব-৭ এর পক্ষ থেকে তাকে তিনদিনের রিমান্ডের আবেদন করা হয়। ১৭ জানুয়ারি এ বিষয়ে শুনানি শেষে নুর মোহাম্মদকে তিনদিনের রিমান্ডে নেওয়ার অনুমোদন দেন চট্টগ্রাম মহানগর হাকিম রহমত আলী।

পরদিনই ১৮ জানুয়ারি আসামি পক্ষের করা আবেদনের প্রেক্ষিতে রিমান্ড স্থগিত করা হয় এবং এ বিষয়ে শুনানির জন্য বুধবার সময় নির্ধারণ করা হয়। শুনানি শেষে বুধবার আদালত আসামিপক্ষের করা আবেদন খারিজ করেন।

এর আগে গত ৭ ডিসেম্বর এ মামলার অভিযোগপত্র গ্রহণের বিষয়ে শুনানির ধার্য দিনে অভিযোগপত্র গ্রহণ না করে মামলাটি অধিকতর তদন্ত করতে র‌্যাবকে নির্দেশ দেয় আদালত।

মামলার এক আসামি ১৬৪ ধারার জবানবন্দিতে প্রতিষ্ঠানের চেয়ারম্যান নুর মোহাম্মদের সম্পৃক্ততার বিষয়টি উল্লেখ করেন জানিয়ে আদালত পুলিশের দেওয়া অভিযোগপত্রটি গ্রহণ করেনি।

পাশাপাশি র‌্যাবকে অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার নিচে নয় এমন একজন কর্মকর্তাকে দিয়ে এ তদন্ত করতে নির্দেশ দেয় আদালত।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ৭ জুন চট্টগ্রাম বন্দরে থাকা একটি কনটেইনার আটক করে সিলগালা করে দেয় শুল্ক গোয়েন্দা অধিদপ্তর।

বন্দর কর্মকর্তাদের ভাষ্য, বলিভিয়া থেকে আমদানি করা সূর্যমুখী ভোজ্যতেলবাহী কনটেইনারটি জাহাজীকরণ হয় উরুগুয়ের মন্টেভিডিও বন্দর থেকে। সেখান থেকে সিঙ্গাপুর হয়ে গত ১২ মে কনটেইনারটি এসে পৌঁছায় চট্টগ্রাম বন্দরে।

এ ঘটনায় ২৮ জুন চট্টগ্রাম নগরীর বন্দর থানায় আমদানিকারক প্রতিষ্ঠান খান জাহান আলী লিমিটেডের চেয়ারম্যান নুর মোহাম্মদ ও কর্মচারী গোলাম মোস্তফা সোহেলকে আসামি করে মাদক আইনে একটি মামলা করে পুলিশ ।

পরে আদালত মামলাটিতে চোরাচালানের ধারা সংযোগের নির্দেশ দেয়।

মামলায় অভিযুক্তরা হলেন- আমদানিকারক প্রতিষ্ঠান খান জাহান আলী লিমিটেডের কর্মকর্তা গোলাম মোস্তফা সোহেল, মো. মোস্তফা কামাল, আইটি বিশেষজ্ঞ মেহেদী আলম, গার্মেন্ট পণ্য রপ্তানিকারক প্রতিষ্ঠান মণ্ডল গ্রুপের বাণিজ্যিক নির্বাহী মো. আতিকুর রহমান, সিঅ্যান্ডএফ কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, কসকো বাংলাদেশ শিপিং লাইনস লিমিটেডের ব্যবস্থাপক (করপোরেট, বিক্রয় ও বিপণন) এ কে আজাদ এবং যুক্তরাজ্যের দুই নাগরিক ফজলুর রহমান ও বকুল মিয়া।

অভিযুক্তদের মধ্যে যুক্তরাজ্যের নাগরিক ফজলুর রহমান ও বকুল মিয়া পলাতক এবং সাইফুল ইসলাম গত ২ ডিসেম্বর উচ্চ আদালতের জামিন নিয়ে কারাগার থেকে ছাড়া পান।

গত ১৯ নভেম্বর এ ঘটনায় মাদক আইনে করা মামলায় আটজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা ও নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার (দক্ষিণ) মো. কামরুজ্জামান।

১৯৯০ সালের মাদকদ্রব্য আইনের ১৯ (১) এর খ ধারায় এবং দণ্ডবিধির ৩৩(১) ধারায় দেওয়া অভিযোগপত্রে মোট ৫৮ জনকে সাক্ষী করা হয়।

আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স খান জাহান আলী লিমিটেডের চেয়ারম্যান ‍নুর মোহাম্মদের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ না পাওয়ায় তাকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করা হয়েছিল ওই অভিযোগপত্রে।

পুরনো খবর:

কোকেনকাণ্ড মামলা: নুর মোহাম্মদের রিমান্ড স্থগিত