কোকেনকাণ্ড মামলা: নুর মোহাম্মদের রিমান্ড স্থগিত
চট্টগ্রামে তেলের সঙ্গে মিশিয়ে তরল কোকেন আনার ঘটনায় নুর মোহাম্মদকে রিমান্ডে নেওয়ার আদেশের একদিনের মাথায় তা স্থগিত করেছে আদালত।
সোমবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. শাহে নুর এ আদেশ দেন।
পাশাপাশি রিমান্ড আবেদনকে বেআইনি ঘোষণা চেয়ে করা আসামি পক্ষের আবেদনের শুনানির জন্য ২০ জানুয়ারি দিন রাখে আদালত।
রোববার র্যাবের আবেদনে সাড়া দিয়ে চট্টগ্রাম মহানগর হাকিম রহমত আলী আমদানিকারক প্রতিষ্ঠান খান জাহান আলী লিমিটেডের চেয়ারম্যান নুর মোহাম্মদকে তিন দিন হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।
শুনানির সময় রিমান্ডেরে বিরোধিতা করেন তার আইনজীবীরা।
আসামির আইনজীবী ইফতেখার সাইমুল চৌধুরী সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রিমান্ড আদেশ বেআইনি ঘোষণা এবং তার আগে পর্যন্ত রিমান্ড আদেশ স্থগিত চেয়ে আবেদন করেছিলাম।
“রিমান্ড আদেশের বৈধতা বিষয়ে শুনানি করতে ২০ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত। পাশাপাশি ওই দিন পর্যন্ত রিমান্ড আদেশের কার্যকারিতা স্থগিত করেছেন।”
ইফতেখার জানান, মামলায় পুলিশের দেওয়া অভিযোগপত্রে নুর মোহাম্মদকে অব্যাহতির সুপারিশ করা হয়েছে এবং পরে আদালত মামলাটির পুনঃতদন্তের নির্দেশ দিয়েছেন।
“এক্ষেত্রে তার জামিন পাওয়ার বিধান আছে। যে আদালত পুনঃতদন্তের নির্দেশ দিয়েছেন তিনিই রিমান্ডের আদেশ দেওয়ায় এক্ষেত্রে ন্যায়বিচার থেকে বঞ্চিত হওয়ার সুযোগ থাকে। সে কথাই আদালতকে বলেছি।”
এ বিষয়ে মহানগর পিপি ফখরুদ্দিন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কেউ নিম্ন আদালতের কোনো আদেশে সংক্ষব্ধ হলে উচ্চ আদালতে আবেদন করতে পারেন; গ্রহণ করা না করা মহামান্য আদালতের বিষয়।
“রিমান্ড আদেশ স্থগিত হওয়ায় আসামিকে এখন আর রিমান্ডে নেওয়া যাবে না। শুনানির দিন আমরা আমাদের বক্তব্য আদালতে উপস্থাপন করব।”
বন্দরে কোকেনবাহী কনটেইনার জব্দ করার সাত মাস পর ১৫ জানুয়ারি র্যাব-৭ সদর দপ্তরে ডেকে নিয়ে নুর মোহাম্মদকে নেওয়ার পর গ্রেপ্তার করা হয়।
এরপর তাকে গ্রেপ্তার দেখিয়ে সেদিন বিকালেই আদালতে হাজির করা হয়; রাতে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
মামলার এক আসামি ১৬৪ ধারার জবানবন্দিতে প্রতিষ্ঠানের চেয়ারম্যান নুর মোহাম্মদের সম্পৃক্ততার বিষয়টি উল্লেখ করে গত ৭ ডিসেম্বর পুলিশের দেওয়া অভিযোগপত্রটি গ্রহণ করেনি আদালত।
পাশাপাশি কমপক্ষে অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাকে দিয়ে মামলার তদন্ত করতে নির্দেশ দেয় আদালত।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতবছর ৭ জুন চট্টগ্রাম বন্দরে থাকা একটি কনটেইনার আটক করে সিলগালা করে দেয় শুল্ক গোয়েন্দা অধিদপ্তর।
বন্দর কর্মকর্তারা জানান, বলিভিয়া থেকে আমদানি করা সূর্যমুখী ভোজ্যতেলবাহী কনটেইনারটি জাহাজীকরণ হয় উরুগুয়ের মন্টেভিডিও বন্দর থেকে। সেখান থেকে সিঙ্গাপুর হয়ে গত ১২ মে কনটেইনারটি এসে পৌঁছায় চট্টগ্রাম বন্দরে।
এ ঘটনায় ২৮ জুন চট্টগ্রাম নগরীর বন্দর থানায় আমদানিকারক প্রতিষ্ঠান খান জাহান আলী লিমিটেডের চেয়ারম্যান নুর মোহাম্মদ ও কর্মচারী গোলাম মোস্তফা সোহেলকে আসামি করে মাদক আইনে একটি মামলা করে পুলিশ ।
পরে আদালত মামলাটিতে চোরাচালানের ধারা সংযোগের নির্দেশ দেয়।
গত ১৯ নভেম্বর এ ঘটনায় মাদক আইনে করা মামলায় আট জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা ও নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার (দক্ষিণ) মো. কামরুজ্জামান।
১৯৯০ সালের মাদকদ্রব্য আইনের ১৯ (১) এর খ ধারায় এবং দণ্ডবিধির ৩৩(১) ধারায় দেয়া অভিযোগপত্রে মোট ৫৮ জনকে সাক্ষী করা হয়।
আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স খান জাহান আলী লিমিটেডের চেয়ারম্যান নুর মোহাম্মদের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ না পাওয়ায় তাকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করা হয় অভিযোগপত্রে।
মামলায় অভিযুক্তরা হলেন- আমদানিকারক প্রতিষ্ঠান খান জাহান আলী লিমিটেডের কর্মকর্তা গোলাম মোস্তফা সোহেল, মো. মোস্তফা কামাল, আইটি বিশেষজ্ঞ মেহেদী আলম, গার্মেন্ট পণ্য রপ্তানিকারক প্রতিষ্ঠান মণ্ডল গ্রুপের বাণিজ্যিক নির্বাহী মো. আতিকুর রহমান, সিঅ্যান্ডএফ কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, কসকো বাংলাদেশ শিপিং লাইনস লিমিটেডের ব্যবস্থাপক (করপোরেট, বিক্রয় ও বিপণন) এ কে আজাদ এবং যুক্তরাজ্যের দুই নাগরিক ফজলুর রহমান ও বকুল মিয়া।
অভিযুক্তদের মধ্যে যুক্তরাজ্যের নাগরিক ফজলুর রহমান ও বকুল মিয়া পলাতক এবং সাইফুল ইসলাম গত ২ ডিসেম্বর উচ্চ আদালতের জামিন নিয়ে কারাগার থেকে ছাড়া পান।
