২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে খুনের দায়ে দুইজনের মৃত্যুদণ্ড

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় ছয় বছর আগের এক হত্যা মামলায় দুই জনের ফাঁসির রায় হয়েছে; খালাস পেয়েছেন ছয়জন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2016, 01:35 PM

Updated : 20 Aug 2022, 11:38 AM

চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মোহিতুল হক মো. এনাম চৌধুরী মঙ্গলবার এই রায় ঘোষণা করেন। 

সর্বোচ্চ সাজার আদেশ পাওয়া দুই আসামি হলেন- হেশাম উদ্দিন ও শহীদ। তাদের বাড়ি চন্দনাইশ উপজেলার মধ্যম বাইনজুরি এলাকায়। 

তারা দুজনেই পলাতক বলে এ মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. আইয়ুব খান জানান।

অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত এ মামলার ছয় আসামিকে খালাস দিয়েছে বলে জানান তিনি।  

জমি নিয়ে বিরোধের জেরে ২০১০ সালের ৭ মার্চ মধ্যম বাইনজুরি এলাকায় মনসুর আহমদ খান (৪৮) নামের এক ব্যক্তিকে তার নিজের বাড়ির উঠানে কুপিয়ে হত্যা করা হয়।

পরদিন তার ভাই মো. হারেছ খান থানায় আট জনের বিরুদ্ধে মামলা করেন। পুলিশ আটজনের বিরুদ্ধে অভিযোগপত্র দিলে ২০১৩ সালের ১ সেপ্টেম্বর আদালত বিচার শুরু করে।

মোট ১৬ জন সাক্ষীর জবানবন্দি শুনে বিচারক মঙ্গলবার এ মামলার রায় ঘোষণা করলেন।