মানব বর্জ্য থেকে সার তৈরির প্রকল্প চট্টগ্রাম সিটি'র
চট্টগ্রাম নগরীতে প্রথমবারের মতো মানব বর্জ্য থেকে সার তৈরির প্রকল্প নিয়েছে সিটি করপোরেশন (সিসিসি)।
প্রকল্প বাস্তবায়নে সোমবার নগর ভবনে বেসরকারি দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্রের (ডিএসকে) সঙ্গে এক সমঝোতা স্মারক সাক্ষর করে সিসিসি।
সিটি করপোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ শফিকুল মন্নান ছিদ্দিকী এবং ডিএসকে’র সিনিয়র প্রজেক্ট কো-অর্ডিনেটর মো. আবদুল হাকিম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে (এমওইউ) সাক্ষর করেন।
করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ শফিউল আলমের সভাপতিত্বে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন সমঝোতা স্মারকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
মেয়র নাছির বলেন, "মানব বর্জ্য থেকে সার তৈরির কোনো প্রকল্প সিটি করপোরেন ছিল না। এবারই প্রথম এ উদ্যোগ নেওয়া হলো"।
অনুষ্ঠানে জানানো হয়, সিটি করপোরেশনের মালিকানাধীন আনন্দবাজার এলাকায় ছয় হাজার ৭৬ বর্গফুট জমিতে মানব বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পটি বাস্তবায়ন করবে ডিএসকে।
যান্ত্রিক উপায়ে গাড়ির সাহায্যে সেপটিক ট্যাংক থেকে পয় বর্জ্য অপসারণ করে তা প্ল্যান্টে ডাম্পিং করবে ডিএসকে। সেখানে বর্জ্য থেকে সার তৈরি করা হবে।
অনুষ্ঠানে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবদুচ ছালাম, কাউন্সিলর কফিল উদ্দিন, শফিউল আলম, শৈবাল দাশ সুমন, মনোয়ারা বেগম মনি, সিসিসি সচিব রশিদ আহম এবং ওয়াটার এইড কর্মকর্তা মো. লিয়াকত আলী বক্তব্য রাখেন।
