দুই বাস উপহার পেল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) দুইটি বাস উপহার দিয়েছে আল আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড ও নিটল-নিলয় গ্রুপ।
সোমবার বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বাস দুটির চাবি উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরীর কাছে হস্তান্তর করা হয়।
বিশ্ববিদ্যালয়ের পরিবহন দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক আনোয়ারুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিটল-নিলয় গ্রুপ থেকে তিনটি বাস কিনেছিল।
বাস তিনটি কেনার পর তারা আল আরাফাহ ব্যাংককে সঙ্গে নিয়ে বিশ্ববিদ্যালয়কে আরও দুটি বাস উপহার দেয়।
অনুষ্ঠানে উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী বলেন, সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে বিশ্ববিদ্যালয়কে বাস দুটি উপহার দিয়ে প্রতিষ্টান দুটি দৃষ্টান্ত স্থাপন করেছে।
এ ধরনের কর্মকাণ্ডে সমাজের বিভিন্ন ক্ষেত্রের ব্যবসায়ীদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার ফরহাদ হোসেন খানের সঞ্চালনায় এতে নিটল-নিলয় গ্রুপের চেয়ারম্যান আব্দুল মাতলুব আহমেদ ও আল আরাফাহ ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম এবং বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক কামরুল হুদা ও শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক খসরুল আলম কুদ্দুসী বক্তব্য রাখেন।
