২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে মিষ্টির দোকানকে লাখ টাকা জরিমানা

পোড়া তেলে চানাচুর ভাজা, দুর্গন্ধযুক্ত মিষ্টির রস ও কিসমিস রাখায় চট্টগ্রামে ‘বোম্বে রয়েল সুইটসকে’ এক লাখ টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2016, 07:10 PM

Updated : 20 Aug 2022, 11:37 AM

সোমবার নগরীর কোতোয়ালি থানার কাজীর দেউড়ি এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন এই জরিমানা করেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিকালে অভিযানে গিয়ে প্রতিষ্ঠানটিতে পোড়া তেলে চানাচুর ভাজার বিষয়টি দেখা যায়।”

এসময় শ্রমিকদের কাছে জানতে চাওয়া হলে তারা পুরানো তেলে চানাচুর ভাজার বিষয়টি স্বীকার করেন বলে জানান ম্যাজিস্ট্রেট।

তিনি বলেন, হালুয়া তৈরির জন্য রাখা মেয়াদোত্তীর্ণ ১৫ কেজি খেজুর, দুর্গন্ধযুক্ত দুই মন কিসমিস, আচার ও মিষ্টির রস জব্দ করা হয়।