দুর্নীতি রোধে সাফল্য দাবি ইফতেখারুজ্জামানের
নানা প্রতিবেদন নিয়ে মন্ত্রীদের সমালোচনার মধ্যে থাকা টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান দাবি করেছেন, তাদের কাজের ফলেই প্রাতিষ্ঠানিক দুর্নীতি রোধে কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে।
রোববার চট্টগ্রামে সচেতন নাগরিক কমিটি (সনাক) এক মতবিনিময় সভায় বক্তব্যে এই দাবি করেন তিনি।
ইফতেখারুজ্জামান বলেন, “আমাদের নানা ধরনের সমালোচনা হয়। বিভিন্ন সময়ে সরকারের অনেকেই আমাদের ভালো চোখে দেখেন না।
“কিন্তু সবাই একরকম না। দুর্নীতি নিয়ে ইতিবাচক পরিবর্তন হোক, এটা রাজনৈতিক অঙ্গনেও অনেকেই চায়। আমাদের কারণেই তথ্য অধিকার আইন, তথ্য প্রকাশকারীর সুরক্ষা আইন হয়েছে।”
দুর্নীতির বিরুদ্ধে লড়াই চালানোর আহ্বান জানিয়ে টিআইবির নির্বাহী পরিচালক বলেন, “ছেড়ে দিলে হবে না। তাহলে আমরা হেরে গেলাম।”
অতীতের এক সমীক্ষার ফল তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশের ৯৩ শতাংশ মানুষ দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হতে আগ্রহী, যেখানে সারা বিশ্বে এ হার ৬০ শতাংশ।
‘স্থানীয় পর্যায়ে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন : সম্ভাবনা ও চ্যালেঞ্জ’ শীর্ষক মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সনাকের চট্টগ্রাম কমিটির সভাপতি দেলোয়ার মজুমদার।
অতিথি হিসেবে বক্তব্য রাখেন শহীদজায়া বেগম মুশতারী শফী, ইস্টডেল্টা ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক মু. সিকান্দার খান, প্রকৌশলী সুভাষ বড়–য়া, স্থপতি জেরিনা হোসেন, ড. মনজুরুল আমীন চৌধুরী, অ্যাডভোকেট আখতার কবীর চৌধুরী, বাকবিশিস সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর, জেলা সিপিবির সাধারণ সম্পাদক শাহ আলম, জেসমিন সুলতানা পারু, ফেরদৌস আরা আলীম প্রমুখ।
এর বাইরে মুক্ত আলোচনায় অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
