২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে স্কুলের বর্ধিত ফি বাতিল চেয়ে অভিভাবকদের মানববন্ধন

ভবন (বিল্ডিং), সংস্থাপন ও উন্নয়ন খাতের নামে বাড়তি টাকা নেওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে চট্টগ্রাম নগরীর মহিলা সমিতি বালিকা উচ্চ বিদ্যালয়ের (বাওয়া) অভিভাবকরা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2016, 04:21 PM

Updated : 11 Oct 2022, 07:36 PM

শনিবার নগরীর ওয়াসা এলাকায় বিদ্যালয় ক্যাম্পাসের সামনের সড়কে এ মানবন্ধন করেন তারা।

অভিভাবকরা জানান, আগে স্কুলের বাংলা বিভাগে বিল্ডিং, উন্নয়ন ও সংস্থাপন খাতে এক হাজার ৬০০ টাকা নেওয়া হলেও এবছর থেকে সেখানে দুই হাজার ৬০০ টাকা নেওয়া হচ্ছে।

অন্যদিকে ইংরেজি বিভাগে একই খাতে এক হাজার ৭০০ টাকা নেওয়া হলেও বর্তমানে দুই হাজার ৭০০ টাকা আদায় করা হচ্ছে।

এই বর্ধিত ফি নিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে ক্ষোভ প্রকাশ করেন ফারজানা ইসলাম নামের এক অভিভাবক।

তিনি বলেন, “স্কুল কর্তৃপক্ষ অভিভাবকদের টাকার গাছ মনে করে। তাই কোনো কারণ ছাড়াই নানা নামে আমাদের কাছ থেকে টাকা আদায়ের কৌশল বের করেন তারা। “

তৌহিদুল ইসলাম নামের এক অভিভাবক বলেন, “বিল্ডিং, উন্নয়ন ও সংস্থাপন খাতে অতিরিক্ত টাকা আদায় করার প্রতিবাদে আমরা মানববন্ধন করেছি। এ বর্ধিত ফি প্রত্যাহার না হলে আমরা অভিভাবকরা মিলে স্কুলের বেতন না দেওয়ার সিদ্ধান্ত নেব খুব শিগগির”।

এ ব্যাপারে বাংলাদেশ মহিলা সমিতি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রিজিয়া বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের স্কুল ভবনে ২২টি শ্রেণিকক্ষের সংকট আছে। সরকারি যে বরাদ্দ দেওয়া হয়েছে তাতে ১৫টি শ্রেণিকক্ষ হবে।

“বাকি শ্রেণিকক্ষের নির্মাণ ব্যয় স্কুল কর্তৃপক্ষকে বহন করতে হবে। তাই আমরা বিল্ডিং, উন্নয়ন বা সংস্থাপন খাতে ফি কিছুটা বাড়িয়েছি”।

শনিবার মানববন্ধন শেষে অভিভাবকরা বিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে দেখা করেন।

এ বিষয়ে রিজিয়া বেগম বলেন, “অভিভাবকদের দাবির মুখে বর্ধিত ফি থেকে চারশ টাকা কম নেব বলে মৌখিকভাবে জানিয়েছি।

“তবে কর্তৃপক্ষের এ আশ্বাসেও সন্তুষ্ট নন অভিভাবকরা। তারা পুরো বর্ধিত ফি বাতিল চান”।