২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

১৬ জানুয়ারি ‘মুক্তিযুদ্ধে শহীদ দিবস’ পালনের দাবি

সারা দেশে ১৬ জানুয়ারি ‘মুক্তিযুদ্ধে শহীদ দিবস’ হিসেবে পালনের দাবিতে চট্টগ্রামে সমাবেশ করেছে মুক্তিযুদ্ধ গবেষণা করা একটি সংগঠন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2016, 01:15 PM

Updated : 12 Apr 2022, 01:13 AM

শনিবার কেন্দ্রীয় শহীদ মিনারে ‘বাংলাদেশের মুক্তি সংগ্রাম ও মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্র ট্রাস্ট-চট্টগ্রাম’ এর সমাবেশে ট্রাস্টের চেয়ারম্যান মাহফুজুর রহমান বলেন,  “১৯৪৭ সাল থেকে বাংলাদেশে বিভিন্ন আন্দোলন এবং একাত্তরের মহান মুক্তিযুদ্ধের শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানাতে কোনো দিবস পালন হয় না।

“তাই আমাদের দাবি প্রতি বছর ১৬ জানুয়ারি দেশব্যাপী শহীদদের স্মরণে দিবস পালন করা হোক।”

তিনি বলেন, “যদি দেশের সব সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এদিন এক ঘণ্টা করে শহীদদের নিয়ে আলোচনা হয়, তাহলে নতুন প্রজন্ম মু্ক্তিযুদ্ধের ইতিহাস-ঐতিহ্যের সঙ্গে আরও বেশি পরিচিত হবে।”

প্রতি বছর ১৬ জানুয়ারি মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে এ দিবস পালন করা হলে শহীদদের তালিকা করাও সহজ হবে বলে তিনি জানান।

মুক্তিযুদ্ধের বিরোধীতাকারীরাই এখন শহীদদের সংখ্যা নিয়ে বিতর্ক তৈরি করার চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি।

সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের মহাসচিব ফাহিমউদ্দিন আহমদ,  ফটিকছড়ি উপজেলা কমান্ডের সাবেক কমান্ডার আহমদ ছফা, জাসদ দক্ষিণ জেলার সভাপাতি নুরুল আলম মিন্টু, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ইফতেখার সাইমুল চৌধুরী, মহানগর ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক মোখতার আহমদ প্রমুখ।

সমাবেশের আগে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।