চট্টগ্রামে আরও ৪০টি বিলবোর্ড উচ্ছেদ
চট্টগ্রাম নগরীতে রাতভর অভিযানে আরও ৪০টি অবৈধ বিলবোর্ড উচ্ছেদ করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় অভিযান শুরু হয়ে চলে রাত ৩টা পর্যন্ত।
এছাড়া সিটি মেয়রের আহ্বানের পর রাতেই নিজ উদ্যোগে কিছু অবৈধ বিলবোর্ড সরিয়ে নিয়েছেন মালিকরা।
গত বৃহস্পতিবার বন্দর নগরীতে প্রথমবারের মত রাতে অবৈধ বিলবোর্ড উচ্ছেদের অভিযান শুরু করে চট্টগ্রাম সিটি করপোরেশন (সিসিসি), জেলা প্রশাসন ও নগর পুলিশ।
শুক্রবার সন্ধ্যায় নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে জেলা প্রশাসনের চারজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে শুরু হয় অভিযান।
দেওয়ানহাট থেকে বারিক বিল্ডিং পর্যন্ত এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন, দুই নম্বর গেট এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট তামিম আল ইয়ামিন, টাইগার পাস মোড় থেকে ডিসি হিল এলাকায় সহকারী কমিশনার (ভূমি, আগ্রাবাদ) হাসনাত মোরশেদ ভূঁইয়া এবং মুরাদপুর থেকে অক্সিজেন এলাকায় সহকারী কমিশনার (ভূমি, চান্দগাঁও) আফজাল হোসেন বিলবোর্ড উচ্ছেদে নেতৃত্ব দেন।
অভিযানের বিষয়ে সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া শিরিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শুক্রবার সন্ধ্যা থেকে রাত তিনটা পর্যন্ত চারটি দলের নেতৃত্বে ছোট-বড় মোট ৪০টি বিলবোর্ড উচ্ছেদ করা হয়েছে।
“বৃহস্পতিবার রাতের অভিযানে ১২টি বিলবোর্ড উচ্ছেদ করা হয়। জনবল, যন্ত্রপাতি ও অভিযানের সময় বাড়ানোয় শুক্রবার বেশি সংখ্যক বিলবোর্ড উচ্ছেদ সম্ভব হয়েছে। ”
নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন বলেন, “রাতভর অভিযানে তিনটি বড় বিলবোর্ড উচ্ছেদ করেছি। একটি বিলবোর্ড ছিল পুরো সড়কের প্রস্থের সমান।
এর আগে শুক্রবার বিকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে নগরী থেকে অবৈধ বিলবোর্ড ও স্থাপনা সরিয়ে নিতে মালিকদের ২৪ ঘণ্টা সময় দেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন।
শনিবার রাতেও উচ্ছেদ অভিযান চলবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
২০১৪ সালের শেষ দিকে নগর পুলিশের পক্ষ থেকে বিলবোর্ড উচ্ছেদ অভিযান শুরু হলেও কিছুদিন পর তা থেমে যায়।
এরপর নতুন মেয়র আ জ ম নাছির উদ্দিন দায়িত্ব নিলে গত বছরের জুন থেকে সিটি করপোরেশন বিলবোর্ড উচ্ছেদ শুরু করে। তবে সে অভিযানও কয়েক দিন পর থমকে যায়।
এবার নতুন করে জেলা প্রশাসনকে যুক্ত করে রাতে উচ্ছেদ অভিযান শুরু করেছে নগর সিটি করপোরেশন।
