চট্টগ্রামে চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার ২
চট্টগ্রামে চাঁদাবাজির অভিযোগে দুই যুবককে ধরে পুলিশে দিয়েছে স্থানীয় দোকানিরা।
দুই যুবক হলেন- অন্তর শীল (২৩) ও মো. আল আমীন (২৯)।
বায়েজিদ বোস্তামী থানার ওসি মো. মহসিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সরকারদলীয় নেতাদের নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজির সময় ওই দুজন ধরা পড়েন।
“গতকাল বিকালে আরও কয়েকজন টেক্সটাইল গেইট এলাকায় তিনটি দোকানে ৫ হাজার টাকা করে চাঁদা দাবি করে। এসময় তারা টাকা দিতে না পারায় দোকান তিনটি বন্ধ করে দেয়।”
মঙ্গলবার বিকালে তিন দোকানের মালিকের কাছ থেকে টাকা নিয়ে দোকান খুলে দেওয়ার পর ওই যুবকরা অন্য দোকানগুলোতেও চাঁদা দাবি করে বলে দোকানিরা পুলিশকে জানিয়েছেন।
“সন্ধ্যায় তারা চাঁদা আনতে গেলে অন্য দোকানদাররা দিতে অস্বীকৃতি জানালে বিভিন্নজনকে মারধর করে অন্তর ও আল আমীন। তখন দোকানিরা মিলে তাদের আটক করে পুলিশে খবর দেয়,” বলেন ওসি।
অন্তর ও আল আমীনসহ মোট ছয়জনের বিরুদ্ধে স্থানীয় দোকানি নূর নবী সরকার বাদী হয়ে একটি মামলা করেছেন।
