২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ডিপোর কন্টেইনারে যুবকের লাশ

চট্টগ্রামে একটি ডিপোতে রাখা কন্টেইনার থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে, যাকে হত্যার পর লাশ কন্টেইনারের ভেতর ঝুলিয়ে রাখা হয় বলে ধারণা করছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2016, 07:21 PM

Updated : 20 Aug 2022, 11:33 AM

নিহত মোখলেছুর রহমান (৩০) নগরীর পতেঙ্গা থানার মাইজ পাড়া এলাকার পুরাতন কন্ট্রোল রুম এলাকায় থাকেন। তার বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (বন্দর) জয়নুল আবেদীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার সন্ধ্যায় পতেঙ্গা থানার বারটেক্স কন্টেইনার ডিপো থেকে তার লাশ উদ্ধার করা হয়।

এই ঘটনায় ডিপোর ব্যবস্থাপক সাইফুল ইসলাম ও সিকিউরিটি ইনচার্জ নিশাত সেলিমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলে জানান তিনি।

পুলিশ কর্মকর্তা জয়নুল বলেন, একটি কন্টেইনারের ভেতর থেকে গলায় গামছা পেঁচিয়ে ফাঁস লাগানো অবস্থায় তার লাশ পাওয়া যায়। তবে গলায় গামছা পেঁচানো থাকলেও তার পা ভাঁজ করা ও চোখ বন্ধ ছিল।

ডিপোর শ্রমিকদের বরাত দিয়ে তিনি বলেন, "মোখলেছুর সোমবার প্রথম কাজে গিয়েছিলেন। রাতে চুরির অভিযোগে তাকে আটক করা হয়েছিল বলে শ্রমিকরা জানিয়েছে।”

তবে কারা তাকে আটক করেছিল এ বিষয়ে কিছু বলেননি পুলিশের এই উপকমিশনার।