২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ৮২তম ফাঁসি দিবসে বিপ্লবী সূর্য সেনকে স্মরণ

বৃটিশ বিরোধী আন্দোলনের অন্যতম বিপ্লবী মাস্টারদা সূর্য সেনের ৮২তম ফাঁসি দিবসে তাকে স্মরণ করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন ও কারা কর্তৃপক্ষ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2016, 07:00 PM

Updated : 11 Oct 2022, 07:34 PM

মঙ্গলবার এ মহান বিপ্লবীর ফাঁসি দিবসে তার ফাঁসির মঞ্চে ফুল দিয়ে তাকে শ্রদ্ধা জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন ও কারা কর্মকর্তারা।

২০১১ সালে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার সম্প্রসারণের সময় নতুন ফাঁসির মঞ্চ তৈরি করে মাস্টার দা’র ফাঁসির মঞ্চকে আলাদা করে সংরক্ষণ করা হয় এবং ২০১২ সাল থেকে প্রতিবছর এই ফাঁসি মঞ্চে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় জেলা প্রশাসন ও কারা কর্তৃপক্ষ।

Image
৮২তম ফাঁসি দিবসে বৃটিশ বিরোধী আন্দোলনের অন্যতম বিপ্লবী মাস্টারদা সূর্য সেনকে স্মরণ

৮২তম ফাঁসি দিবসে বৃটিশ বিরোধী আন্দোলনের অন্যতম বিপ্লবী মাস্টারদা সূর্য সেনকে স্মরণ

বৃটিশ বিরোধী আন্দোলনে সশস্ত্র বিপ্লবের নেতৃত্ব দেন সূর্য সেন, গঠন করেন ‘ভারতীয় প্রজাতান্ত্রিক বাহিনী, চট্টগ্রাম শাখা’। ১৮৯৪ সালের ২২ মার্চ চট্টগ্রামের রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নে জন্ম হয় সূর্য সেনের।

চট্টগ্রাম অস্ত্রাগার লুন্ঠন, জালালাবাদ যুদ্ধ ও ইউরোপীয় ক্লাব আক্রমনে নেতৃত্বদানকারী এ বিপ্লবী ১৯৩৩ সালের ১৬ ফেব্রুয়ারি ইংরেজ বাহিনীর হাতে গ্রেপ্তার হন।

১৯৩৪ সালের ১২ জানুয়ারি চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে ব্রিটিশবিরোধী অন্দোলনের অন্যতম নেতা মাস্টারদা সূর্য সেন ও বিপ্লবী তারকেশ্বর দস্তিদারকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

এদিকে বিপ্লবী সূর্য সেনের ফাঁসি দিবসে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নগরীতে নানা ধরনের কর্মসূচিরও আয়োজন করে ।