চট্টগ্রামে ‘জেএমবি সদস্য’ গ্রেপ্তার
চট্টগ্রামের মাঝিরঘাটে ছিনতাইয়ের পর গ্রেনেড বিস্ফোরণে একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের ব্যবস্থাপক হত্যার ঘটনায় জড়িত অভিযোগে এক ‘জেএমবি সদস্য’কে গ্রেপ্তার করেছ গোয়েন্দা পুলিশ।
গ্রেপ্তার মো. নূরুন্নবী ওরফে রাজু ওরফে রিয়াজ ওরফে নবী ওরফে কালো মটকু (৩০) নোয়াখালীর কোম্পানিগঞ্জ থানার চরকলমী গ্রামের আবুল কালামের ছেলে।
চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের এসআই সন্তোষ চাকমা জানান, নূরুন্নবী নোয়াখালীর বেগমগঞ্জ থানার সুলতানপুর এলাকায় অবস্থান করছে খবর পেয়ে রোববার রাতে তাকে সেখান থেকে গ্রেপ্তার করা হয়।
গত ৫ অক্টোবর নগরী এবং খোয়াজনগর এলাকা থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক ও গ্রেনেডসহ গ্রেপ্তার ফুয়াদ ও মিনহাজ আদালতে দেওয়া জবানবন্দিতে মাঝিরঘাটে ছিনতাইয়ের ঘটনায় নূরুন্নবীও জড়িত ছিল বলে জানায়।
এসআই সন্তোষ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ফুয়াদ ও মিনহাজ জবানবন্দিতে কালু মোটকু নামে যে যুবক ছিনতাইয়ে অংশ নেওয়ার কথা জানিয়েছে তিনিই নূরুন্নবী।
"এছাড়া গত বছরের ২৩ মার্চ আকবর শাহ এলাকা থেকে গ্রেপ্তার এরশাদ হোসেন ওরফে মামুন তার জবানবন্দিতে রাজু নামে যে জেএমবি সদস্যর নাম বলেছে সেও গ্রেপ্তার নুরুন্নবী।"
নূরুন্নবীর কাছ থেকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের বরাত দিয়ে পুলিশ জানায়, নূরুন্নবী নোয়াখালী, ফেনী, কুমিল্লা ও লক্ষ্মীপুর এলাকায় জেএমবি’র দায়িত্বপ্রাপ্ত।
তার কাছ থেকে ছিনতাইয়ের বর্ণনাসহ কুমিল্লা ও ফেনী এলাকায় জেএমবি'র বিভিন্ন সদস্যর নাম পাওয়া গেছে দাবি করে সন্তোষ বলেন, “তাদেরকে ধরতে পুলিশ অভিযান চালিয়ে যাচ্ছে।”
গত ২৩ সেপ্টেম্বর রাতে সদরঘাট থানার মাঝিরঘাট এলাকায় সাহা করপোরেশন নামে একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপকের কাছ থেকে ছিনতাইয়ের সময় নিজেদের ছোড়া গ্রেনেডে নিহত হন দুই ছিনতাইকারী।
হামলায় আহত সাহা করপোরেশনের ব্যবস্থাপক সত্য গোপাল ভৌমিক চিকিৎসাধীন অবস্থায় দুইদিন পর মারা যান।
গত ৫ অক্টোবর কর্ণফুলী থানার খোয়াজনগর এলাকায় গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে জেএমবি’র পাঁচ সদস্যকে বিপুল পরিমাণ বিস্ফোরক, অস্ত্রসহ গ্রেপ্তার করে।
ঘটনার তদন্ত করতে গিয়ে নগর গোয়েন্দা পুলিশ সদস্যরা জানতে পারে ছিনতাইয়ের সাথে যুক্তরা সকলেই জেএমবি’র সদস্য এবং সংগঠনের তহবিল সংগ্রহের উদ্দেশ্যে এই ছিনতাই করেন।
এছাড়া বায়েজিদ এলাকায় ল্যাংটা ফকিরের খাদেম ও তার শিষ্যকে জবাই করে হত্যার ঘটনায় জেএমবি সদস্যরা যুক্ত ছিল বলে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে জানা যায়।
ওই ছিনতাইয়ের তদন্ত করতে গিয়ে পুলিশ বন্দর নগরী চট্টগ্রাম ও হাটহাজারী উপজেলার আমান বাজারে জেএমবি আস্তানার সন্ধান পায়।
যেসব আস্তানা থেকে গ্রেনেড, বিষ্ফোরক, স্নাইপার রাইফেলসহ সেনা বাহিনীর পোশাক উদ্ধার করে।
