চট্টগ্রামে প্রসূতির মৃত্যু: স্বজনদের হাসপাতাল ভাঙচুর
প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে চট্টগ্রামে একটি বেসরকারি হাসপাতালে ভাঙচুর চালিয়েছে রোগীর স্বজনরা।
রোববার সন্ধ্যায় পাঁচলাইশ এলাকার বেসরকারি হাসপাতাল সার্জিস্কোপে এ ঘটনা ঘটে।
মৃত মেহেরুন্নেসা রিমা (২৫) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম বিএসসির ছোট ভাই খায়রুল বাশারের মেয়ে ও অস্ট্রেলিয়াপ্রবাসী আব্দুল্লাহ আল মামুনের স্ত্রী।
মেহেরুন্নেসার চাচাত ভাই আনিসুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শনিবার বিকালে মেহেরুন্নেসাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক শামীমা সিদ্দিকী রোজির তত্ত্বাবধানে সার্জিস্কোপ ইউনিট-১ এ ভর্তি করা হয়।
“রোববার ভোর ৬টার দিকে অস্ত্রোপচারের পর ছেলে সন্তানের জন্ম হয়।”
স্বজনদের অভিযোগ, এর পর মেহেরুন্নেসার রক্তপাত শুরু হলে তাকে নগরীর কাতালগঞ্জের হাসপাতালের ইউনিট-২ তে নিয়ে যাওয়া হয় এবং জরায়ুতে অস্ত্রপাচার করা হয়। এতে মেহেরুন্নেসার শারীরিক অবস্থার অবনতি হলে সন্ধ্যার দিকে তিনি মারা যান।
চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (উত্তর) তারেক আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোগীর মৃত্যুকে কেন্দ্র করে স্বজনরা হাসপতাল ভাংচুর করেছে। এঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে আটক করা হয়েছে।
