বেতন-ফি বাড়ানোর প্রতিবাদে চসিক মেয়রকে স্মারকলিপি
চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি ফি ও মাসিক বেতন বাড়ানোর সিদ্ধান্ত বাতিলের দাবিতে সমাবেশ করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট।
দাবি আদায়ে বুধবার চট্টগ্রামের কেন্দ্রীয় শহীদ মিনারে এই ছাত্রসমাবেশ শেষে চসিক মেয়র বরাবর শিক্ষার্থীদের গণস্বাক্ষরসহ স্মারকলিপিও দিয়েছে তারা।
চসিক পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ২০১৬ শিক্ষাবর্ষে বেতন-ফি প্রায় দ্বিগুণ করার সিদ্ধান্ত হয় গত ৬ ডিসেম্বর করপোরেশনের পঞ্চম সাধারণ সভায়।
চসিক পরিচালিত ৪৬টি মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে মাসিক বেতন ৮০ থেকে বাড়িয়ে করা হয়েছে ১৫০ টাকা। অষ্টম শ্রেণিতে শতভাগ বাড়িয়ে করা হয়েছে ১৬০ টাকা এবং নবম ও ১০ম শ্রেণির বেতন ১০০ টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে ২০০ টাকা।
ষষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত বাড়ানো হয়েছে ভর্তি ফিও।
ষষ্ঠ শ্রেণিতে ভর্তি ফি ৯৫০ টাকা থেকে বাড়িয়ে ২ হাজার ৫৪০ টাকা করা হয়েছে। সপ্তম ও অষ্টম শ্রেণিতে ৯৫০ টাকা থেকে বাড়িয়ে ২ হাজার ৫৫০ টাকা করা হয়েছে। নবম ও ১০ম শ্রেণি ভর্তি ফি বাড়ানো হয়েছে ৯৪০ টাকা। ২০১৬ শিক্ষাবর্ষ থেকে নবম ও ১০ম শ্রেণিতে ভর্তি ফি লাগবে ২ হাজার ৭৪০ টাকা।
ছাত্রসমাবেশে চট্টগ্রাম নগর সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি তাজ নাহার রিপন বলেন, চসিক পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের বেতন ও ভর্তি ফি দ্বিগুণ বাড়ানোর সিদ্ধান্তে সাধারণ শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হবে।
“চসিক পরিচালিত স্কুলগুলোতে সাধারণত দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারের সন্তানরা পড়াশোনা করে। হঠাৎ করে এভাবে শিক্ষা ব্যয় দ্বিগুণ বাড়লে এসব শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৯০ হাজার শিক্ষার্থীর শিক্ষাজীবন অনিশ্চিত হয়ে পড়বে।”
নগর সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক আরিফ মঈন উদ্দিন বলেন, আ জম নাছির উদ্দিন মেয়র নির্বাচিত হলে চট্টগ্রামের শিক্ষার উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু, নির্বাচিত হওয়ার পর চসিকের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর বেতন-ভর্তি ফি বাড়ানোর সিদ্ধান্ত তার প্রতিশ্রুতিকে প্রশ্নবিদ্ধ করছে।
সমাবেশে আরও বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সত্যজিৎ বিশ্বাস, নগর সহ-সভাপতি মুক্তা ভট্টাচার্য, অর্থ সম্পাদক দীপা মজুমদার, সাবেক কাউন্সিলর জান্নাতুল ফেরদৌস পপি প্রমুখ।
সমাবেশ শেষে সিটি মেয়র বরাবর ওই স্মারকলিপি পৌঁছে দেওয়া হয় তার সচিব রশিদ আহমদের কাছে।
