চট্টগ্রামে ১১টি দোকানে ডাকাতি
চট্টগ্রামের বোয়ালখালীতে এগারটি দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে।
মঙ্গলবার গভীর রাতে বোয়ালখালীর কালাইয়ার হাটে এ ডাকাতির ঘটনা ঘটে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান বোয়ালখালির থানার ওসি শামসুল ইসলাম।
তিনি জানান, রাত ২টার দিকে বাজারের দারোয়ান রাতের খাবার খাওয়ার জন্য নিজ কক্ষে ঢুকলে পাঁচ-ছয়জনের ডাকাতের একটি দল বাইরে থেকে দরজা আটকে দেয়।
“এ সময় তারা প্রায় এগারটি দোকানের তালা ভেঙে ক্যাশবক্স থেকে সব মিলিয়ে মোট ৯১ হাজার টাকা লুট করে নিয়ে যায়।”
ডাকাতির সাথে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে বলে জানান শামসুল ইসলাম।
ডাকাতি হওয়া দোকানের মধ্যে পান-বিড়ি, মুদির দোকান, গ্রিল কাটার ওয়ার্কশপ রয়েছে।
